• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

ভারত সফরে আসছেন ট্রাম্প, ঘোষণা রুবিও-র, রয়েছে আরও চমক

মার্কিন বিদেশ সচিবের মুখে মোদীর প্রশংসাও শোনা যায়। আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানিয়েছেন, মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন অনেক ভালো। এর পাশাপাশি সাউথ ব্লকের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কও অনেক ভালো জায়গায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ভারত সফরে আসছেন ট্রাম্প, ঘোষণা রুবিও-র, রয়েছে আরও চমক

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০২০ সালে শেষবার সস্ত্রীক ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিকঠাক থাকলে ফের ভারতে আসতে পারেন ট্রাম্প। আগামী বছরের গোড়ার দিকে ভারতে দেখা মিলবে ডোনাল্ড ট্রাম্পের। সেক্ষেত্রে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পরে এটাই হবে ট্রাম্পের প্রথম ভারত সফর। শনিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে নিজেকে মোদীর অনুগামী বলেও উল্লেখ করেছেন।

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানিয়েছেন, মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন অনেক ভালো। এর পাশাপাশি সাউথ ব্লকের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কও অনেক ভালো জায়গায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আগামী বছরে ট্রাম্পের ভারত সফরের আগে চলতি বছরের শেষে মার্কো রুবিও ভারত সফরে আসতে পারেন। মূলত ট্রাম্পের সফরের জন্য গ্রাউন্ড রিয়্যালিটি তৈরি করার পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রুবিও ভারত সফরে আসতে পারেন বলে জানিয়েছেন।

সেই সাক্ষাৎকারে মার্কিন বিদেশ সচিব বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প যাতে ভারত সফরে আসতে পারেন, সেই লক্ষ্যেই কাজ চলছে। ভারত-আমেরিকা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কূটনৈতিক জায়গায় দুই দেশের মধ্যেকার সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যে কতটা নিবিড়, তা আর বলার অপেক্ষা রাখে না।’

ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এদিন মার্কো রুবিও বলেন, ‘নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া দুর্দান্ত। সেই সম্মেলনে মোদীর সঙ্গে ট্রাম্পের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি মেগা বাণিজ্য চুক্তিও চূড়ান্ত হওয়ার মুখে রয়েছে। শীঘ্রই আমরা এই বিষয়ে কিছু ভালো খবর দিতে পারব। দুই দেশের সম্পর্ক ভালো দিকেই এগোচ্ছে।’

সবশেষে মার্কিন বিদেশ সচিবের মুখে মোদীর প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীর দূরদর্শিতার কারণে বিশ্বমঞ্চে ভারত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। মোদী ভারতকে একটি বিশ্বশক্তি হিসেবে গড়ে তুলেছেন।’ বর্তমানে দুই দেশ বহু প্রতীক্ষিত বাণিজ্যিক চুক্তি ছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় কোয়াড জোটের পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। সেই বৈঠকেও কিছু ফলপ্রসূ আলোচনা হতে পারে বলে মনে করছে দুই দেশ।