ফের চর্চার বিষয় হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে এবার তাঁর ব্যাটিং বা ঝোড়ো ইনিংস নয়, একেবারে অন্য কারণে। এ বার তাঁর বয়সের কারণে ইংল্যান্ডে তাঁকে ঘিরে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে চলেছে, সেটিই হয়ে উঠেছে এই চর্চার কারণ। বৈভবের বয়স এখনও ১৮ বছরের নিচে হওয়ায় ইউকে-র শিশু-সুরক্ষা নীতি মানতে হবে ভারতীয় দলকেও। তাই বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে ভারতীয় দলকে। কী সেই ব্যবস্থা? বৈভব সিনিয়র দলের সঙ্গে থাকলেও তিনি শ্রেয়স আইয়ারদের ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না। এই সংক্রান্ত কিছু নিয়ম তাঁর ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য হবে। বৈভবের বয়সের কারণেই বিশেষ ব্যবস্থা নিতে হবে ভারতীয় দলকে। ইংল্যান্ডে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলের সঙ্গে থাকলেও বৈভবকে ব্যবহার করতে হবে আলাদা ড্রেসিংরুম। শুনতে অবাক করার মতো হলেও এটাই সত্যিই।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে আগেই আলোচনা করেছে। সিদ্ধান্ত হয়েছে, সিরিজ চলাকালীন বৈভবের জন্য আলাদা চেঞ্জিং রুম বা জামাকাপড় বদলানোর ঘরের ব্যবস্থা রাখা হবে। জানা গিয়েছে, ইংল্যান্ডের আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আয়োজকদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের তরুণ ওপেনার সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ায় তাঁকে ঘিরে উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনই তাঁর মানসিক ও শারীরিক সুরক্ষার বিষয়েও সতর্ক থাকতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “এটি সম্পূর্ণরূপে সুরক্ষা-সংক্রান্ত একটি বিষয়। ইউকে-তে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, আমরা শুধু সেটিই অনুসরণ করছি। এ জন্য দলের সঙ্গে তার প্রস্তুতি, অনুশীলন এবং ম্যাচ-সংক্রান্ত পরিকল্পনায় কোনও প্রভাব পড়বে না। এটি শুধুমাত্র ড্রেসিংরুম ও ব্যক্তিগত পরিসর সংক্রান্ত একটি ব্যবস্থা।”
ভারতীয় দলের সদস্য হিসেবেই বৈভব সব অনুশীলন ও ম্যাচের আগের প্রস্তুতিতে অংশ নেবেন। তবে ড্রেসিংরুম ব্যবহারের ক্ষেত্রে তাঁকে আলাদা প্রোটোকল মেনে চলতেই হবে। ভারতীয় ক্রিকেটে এর আগে এত কম বয়সে আন্তর্জাতিক সফরে কোনও খেলোয়াড়কে নিয়ে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায়নি। ফলে বৈভবকে ঘিরে এই বিশেষ ব্যবস্থাও স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। খেলার মাঠে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে। ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই এ ধরনের নীতি অনুসরণ করা হয়। সব মিলিয়ে, ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশীর সামনে যেমন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ, তেমনই তাঁর জন্য থাকছে কিছু বিশেষ নিয়মও। কিন্তু সেই নিয়ম তাঁর ক্রিকেটীয় স্বপ্নের পথে কোনও বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হয় না— বরং এই তরুণ প্রতিভার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।




