রাজ্যে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গ-সহ দেশের বহু অংশে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা ও হুগলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী এক সপ্তাহে কলকাতার জন্য আর কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝে মধ্যে ঝোড়া হাওয়াও বইতে পারে। হাওড়ায় সোমবার ও বুধবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার আর দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মঙ্গলবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে শনিবার ও রবিবার এই পাঁচ জেলাতেই প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর, এবং মালদহেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।




