• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

মহুয়ার মন্তব্য ঘিরে বিতর্ক, আইনি পদক্ষেপের ভাবনায় বিদ্রোহী সাংসদেরা

বিদ্রোহী শিবিরের অন্যতম নেত্রী তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে

মহুয়ার মন্তব্য ঘিরে বিতর্ক, আইনি পদক্ষেপের ভাবনায় বিদ্রোহী সাংসদেরা

Mahua Moitra Photo-SNS

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে পারেন সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদেরা। সূত্রের খবর, এ বিষয়ে সম্প্রতি ভার্চুয়াল বৈঠকও করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ দলত্যাগী সাংসদেরা। বৈঠকে মহুয়ার বিভিন্ন মন্তব্য এবং তার আইনি দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের শাসকদল তৃণমূলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। প্রথমে বিধানসভায় পরিষদীয় দলে ভাঙন দেখা যায়। এরপর লোকসভাতেও সাংসদ দলের একাংশের বিরুদ্ধে অবস্থান নেন। দিল্লিতে গিয়ে তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। পরে ২৮ জনের মধ্যে ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক এই দলে যোগ না দিয়ে মহুয়া মৈত্র তৃণমূল নেতৃত্বের পাশেই থাকার সিদ্ধান্ত নেন।
দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে সরব হয়েছেন মহুয়া। সম্প্রতি সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি দাবি করেন, বিদ্রোহী সাংসদেরা অর্থের বিনিময়ে দল পরিবর্তন করেছেন। তাঁর অভিযোগ, এনসিপিআই-তে যোগ দেওয়ার জন্য প্রত্যেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেয়েছেন। এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। দলত্যাগীদের অভিযোগ, মহুয়ার এই মন্তব্য তাঁদের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। শুধু সমাজমাধ্যমেই নয়, সংবাদমাধ্যমের সামনেও তিনি বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে একাধিক কড়া মন্তব্য করেছেন বলে দাবি তাঁদের।
সেই কারণেই এখন আইনি পথের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্রোহী শিবিরের অন্যতম নেত্রী তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সূত্রের খবর, মানহানির মামলা দায়েরের বিষয়েও আলোচনা চলছে। আগামী দিনে এই ইস্যু ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।