• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

শান্তিবৈঠকে ধাক্কা ট্রাম্পের মন্তব্যে, সোমবার ফের মুখোমুখি আমেরিকা-ইরান

ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে সাময়িকভাবে বৈঠক ছেড়ে চলে যান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ-সহ প্রতিনিধিদলের সদস্যরা

Image: IANS

সুইৎজারল্যান্ডে চলা আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি বৈঠক এখনও শেষ হয়নি। রবিবার শুরু হওয়া বৈঠক সোমবারও চলবে বলে জানা গিয়েছে। আলোচনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদস্বরূপ ইরানের প্রতিনিধিদল বৈঠক ছেড়ে বেরিয়ে যায়। এরফলে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, আলোচনা এখনও থামেনি। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের যোগাযোগ বজায় রয়েছে। সোমবার অর্থাৎ আজ আবার আলোচনায় বসার কথা বলে জানা গিয়েছে।

ইরানের সংবাদসংস্থা জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে সাময়িকভাবে বৈঠক ছেড়ে চলে যান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ-সহ প্রতিনিধিদলের সদস্যরা। পরে কালিবাফ আমেরিকাকে সতর্ক করে বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ওয়াশিংটনকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে হবে।

সূত্রের খবর, রবিবার প্রায় ৮০ মিনিট ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলে। বৈঠকে পাকিস্তান ও কাতারে প্রতিনিধিরাও ছিলেন। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালী। আন্তর্জাতিক এক সংবাদসংস্থাকে মার্কি কূটনীতিক জানিয়েছেন, ইরানের প্রতিনিধিরা বৈঠক ছেড়ে চলে যাননি, বরং গভীর রাত পর্যন্ত বিভিন্ন পক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল।

হরমুজ প্রণালীর পাশাপাশি লেবাননের পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা স্মারকের ১৪ দফা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, সোমবার আরও উচ্চপর্যায়ের বৈঠক হবে। প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও সেই আলোচনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছেন বলে খবর।

প্রথমদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আমেরিকা ও ইরান নীতিগতভাবে একমত হয়েছিল। কিন্তু লেবাননে হিজবুল্লা ও ইজরায়েলের সংঘর্ষ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলির সঙ্গে ইজরায়েলি বাহিনীর সংঘর্ষ এবং ধারাবাহিক বোমা বর্ষণের প্রেক্ষিতে তেহরান জানায়, তারা ফের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই রবিবার আলোচনাকালে ট্রাম্প মন্তব্য করেন, ইরান যদি তাদের ‘মিত্রদের’ নিয়ন্ত্রণে না আনে তবে আমেরিকা আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। এই মন্তব্যের পরই ইরানের প্রতিনিধিদল বৈঠক থেকে বেরিয়ে যায় বলে একটি সংবাদসংস্থা প্রতিবেদনে জানিয়েছে। পরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মার্কিন প্রতিনিধি দলের নেতা জেডি ভান্স। তিনি বলেন, এ ধরনের কূটনৈতিক আলোচনা অনেক সময় জটিল ও অগোছালো হয়ে থাকে। তবে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষায় ওয়াশিংটন প্রতিশ্রুতবদ্ধ বলেও তিনি জানান।