আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার আয়কর আবাসন, পূর্বায় অনুষ্ঠিত হল বিশেষ যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি। পূর্বা এবং উৎকর্ষে আরোহণের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা’।

আবাসনের মাঠে কর্মী, অফিসার এবং তাঁদের পরিবারের সদস্যরাও যোগাভ্যাসে অংশ নেন। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বয়স্কদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিয়মিত যোগচর্চা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সদস্যরা অসীম উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান অনুষ্ঠিত হয়। পাশাপাশি যোগচর্চার উপকারিতা এবং সুস্থ জীবনধারা নিয়ে আলোচনা করা হয়।

উৎকর্ষে আরোহণের আহ্বায়ক অনুপম মজুমদার বলেন, ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ এই বার্তাকে সামনে রেখে সমাজে সুস্থতা ও সচেতনতার প্রসার ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সমাপ্তিতে যোগচর্চার মাধ্যমে মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক হিসেবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।

এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত সকলেই এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।




