• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

নিট ইউজি পুনঃপরীক্ষা, কড়া নিরাপত্তায় রাজ্যের ১ লক্ষের বেশি পরীক্ষার্থী

দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে হবে নিটের পুনঃপরীক্ষা। এই ৫৫২টি শহরের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি শহরেও রয়েছে পরীক্ষাকেন্দ্র

যোগ দিবস উদ্‌যাপনের মধ্যেই দেশ জুড়ে ফের আয়োজিত হচ্ছে নিট ইউজি। দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে হবে নিটের পুনঃপরীক্ষা। এই ৫৫২টি শহরের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি শহরেও রয়েছে পরীক্ষাকেন্দ্র। নিট ইউজির পুনঃপরীক্ষা ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)। ৩ মে অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল হওয়ার পর থেকেই শিক্ষা মন্ত্রক ও এনটিএ একাধিক বৈঠক করে নতুন পরীক্ষার প্রস্তুতি নেয়। পরীক্ষাকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যে মোট ১ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী এই পুনঃপরীক্ষায় অংশ নিচ্ছেন। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় মোট ২১৮টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই রয়েছে ৩৮টি কেন্দ্র। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য প্রশাসনও নিরাপত্তা ও পরীক্ষার ব্যবস্থাপনায় সহযোগিতা করছে।

তবে এর মধ্যে শনিবারেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কলকাতার যোগ দিবসেও অংশগ্রহণ করবেন তিনি। সেই কথা মাথায় রেখে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে, বন্ধ থাকবে একাধিক রাস্তাও। এরই মধ্যে রবিবার নিটের পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

২১ জুন এই পরীক্ষা শুরু হবে দুপুর ২টোয় এবং শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। এবার পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে মোট ১৯৫ মিনিট করা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে দুপুর ১টা ৩০ মিনিটের পরে কাউকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে।

পরীক্ষার্থীদের অবশ্যই বৈধ অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা অন্য কোনও সরকারি সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ড বা পরিচয়পত্র না থাকলে পরীক্ষায় বসার অনুমতি মিলবে না।

এনটিএ স্পষ্ট জানিয়েছে, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ-সহ কোনও ইলেকট্রনিক্স সামগ্রী পরীক্ষাকেন্দ্রে আনা যাবে না। নকল বা অসদুপায় রোধে কড়া নজরদারি থাকবে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশে ধূমপানও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।