• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

রোহিত শর্মার নতুন মাইলফলক, সচিন-কোহলি-গাঙ্গুলি-দ্রাবিড়ের অভিজাত ক্লাবে ‘হিটম্যান’

গত কয়েক দিন ধরেই একের পর এক মাইলফলক স্পর্শ করছেন ভারতীয় ওপেনার।

আরও একটি বড় কৃতিত্ব নিজের ঝুলিতে ভরলেন ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট করতে নেমে তিনি লিস্ট-এ ক্রিকেটে ১৪,০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন এবং ফলে ভারতের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।

লখনৌয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তে রোহিত ৩৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ছটি চার ও দুটি ছক্কা। ইনিংস চলাকালীনই তিনি ১৪ হাজার লিস্ট-এ রানের মাইলফলক স্পর্শ করেন, যদিও পরে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের শিকার হন।

এই কৃতিত্বের পর রোহিতের লিস্ট-এ ক্রিকেটে মোট রান দাঁড়ায় ১৪,০৩৮। ৩৫৬ ম্যাচে তিনি এই রান করেছেন এবং এই ফরম্যাটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৩৭। লিস্ট-এ ক্রিকেটের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে, ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ এবং অন্যান্য স্বীকৃত একদিনের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিতের আগে মাত্র চারজন ১৪ হাজারের বেশি লিস্ট-এ রান করেছেন। তালিকার শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর, যাঁর সংগ্রহ ২১,৯৯৯ রান। এর পর রয়েছেন বিরাট কোহলি (১৬,৪৪৭), সৌরভ গাঙ্গুলি (১৫,৬২২) এবং রাহুল দ্রাবিড় (১৫,২৭১)। এবার এঁদের পাশে নিজের নাম লেখালেন রোহিত।

গত কয়েক দিন ধরেই একের পর এক মাইলফলক স্পর্শ করছেন ভারতীয় ওপেনার। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের গণ্ডিও পেরিয়েছেন এবং ভারতের অন্যতম সফল ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।