• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

অবশেষে স্বাক্ষরিত হল আমেরিকা-ইরান শান্তিচুক্তি

বুধবার সমঝোতাপত্র সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সমঝোতাপত্র সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের কর্মকর্তারাই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকার দাবি, জি-৭ বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের সময়ই ট্রাম্প চুক্তিতে সম্মতি জানান। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই সরকারি সংবাদসংস্থাকে জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তুত হওয়া খসড়াই চূড়ান্ত হয়েছে এবং তাতে দুই প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন।

প্রথমে সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও ডিজিটাল স্বাক্ষরের পর সেই কর্মসূচির ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়। তবে তেহরান জানিয়েছে, নির্ধারিত শান্তি বৈঠক আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

চুক্তির আওতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গত ৫ সপ্তাহ ধরে চলা সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব ফেলেছিল। শান্তিচুক্তির অন্যতম শর্ত হিসেবে হরমুজ প্রণালীর উপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে রবিবার মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হবে। তবে ইরান শর্তগুলো পর্যলোচনা করছিল বলে তখনও তা অনিশ্চিত ছিল। দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত সমঝোতার পথ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরান যুদ্ধ চলছিল। ইসলামাবাদে অনুষ্ঠিত একাধিক শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর অবশেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছল।