ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে প্রায় ১৬ মাস পর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দুই নেতার করমর্দন ও সৌজন্য বিনিময়েচ ছবি প্রকা্শ্যে আসে। অতীতের মতো উষ্ণ আলিঙ্গনের দৃশ্য তবে এ বার দেখা যায়নি।
সূত্রের খবর, বৈঠকের ফাঁকে মোদী ও ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছ। সেই বৈঠকে বাণিজ্যচুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি এবং ইরান ও ইউক্রেন-সংক্রান্ত আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে তাঁদের শেষ দেখা হয়েছিল। এরপর ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি, রাশিয়া থেকে তেল আমদানি, মার্কিন শুল্কনীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। এমনকি ট্রাম্প ভারতের অর্থনীতি সম্পর্কে বিতর্কিত মন্তব্যও করেছিলেন।
সম্প্রতি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। তবে ইরান সঙ্কট এবং হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধের পরিস্থিতি ভার ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
জি-৭ সম্মেলনের মূল অধিবেশনেও মোদী ও ট্রাম্পকে পাশাপাশি বসতে দেখা যায়। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। রাষ্ট্রনেতাদের যৌথ ফোটোসেশনের সময় তাঁর পাশে ছিলেন আয়োজক দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
উল্লেখ্য সোমবার থেকে ফ্রান্সে শুরু হয়েছে তিন দিনের জি-৭ বৈঠক। ভারত এই গোষ্ঠীর স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিতভাবে বৈঠকে অংশগ্রহণ করে আসছে।




