• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

টাটার আইফোন কারখানা সঙ্কটে, বন্ধের হুঁশিয়ারি তামিলনাড়ু দূষণ বোর্ডের

তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্স পরিচালিত আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানার বিরুদ্ধে জলদূষণের গুরুতর অভিযোগ উঠেছে।

ভারতে অ্যাপলের উৎপাদন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন বড়সড় বিতর্কের মুখে। তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্স পরিচালিত আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানার বিরুদ্ধে জলদূষণের গুরুতর অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্তোষজনক জবাব না মিললে কারখানাটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

 

অভিযোগ, হোসুরের টাটাদের ওই কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য মিশ্রিত জল আশপাশের কৃষিজমি ও ভূগর্ভস্থ জলস্তরকে দূষিত করছে। স্থানীয় কৃষকদের দাবি, কয়েক মাস ধরেই তাঁদের জমির উর্বরতা ও কুয়োর জলের গুণগত মানে প্রভাব পড়ছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।

 

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট পাঁচবার কারখানা পরিদর্শন করেন বোর্ডের আধিকারিকেরা। তদন্তে দেখা যায়, কারখানার অভ্যন্তরে বৃষ্টির জল সংরক্ষণের জন্য তৈরি একটি জলাধারে শিল্পবর্জ্য ফেলা হয়েছিল। পরে সেই জলাধার উপচে পড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং কৃষিজমির নিচের জলস্তর দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

 

এর জেরে গত ২৫ মে টাটা ইলেকট্রনিক্সকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। উল্লেখ্য, ২০২৫-এর ২৩ ডিসেম্বর সংস্থাকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি বলেই অভিযোগ। ফলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রশ্ন তুলেছে, কেন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না? কেন কারখানার উৎপাদন কাজ বন্ধ করে দেওয়া হবে না?

 

তবে সংস্থার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে টাটা ইলেকট্রনিক্স। সংস্থার দাবি, স্বীকৃত গবেষণাগারে স্বাধীনভাবে জল পরীক্ষা করানো হয়েছিল এবং তাতে দূষণের কোনও প্রমাণ মেলেনি। পরিবেশবিধি মেনেই কারখানার সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি তাদের।

 

উল্লেখ্য, হোসুরের এই কারখানা আগেও বিতর্কে জড়িয়েছিল। ২০২৪-এ অগ্নিকাণ্ডের কারণে সেখানে আইফোনের যন্ত্রাংশ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। টাটা ইলেকট্রনিক্সের বিরুদ্ধে নতুন করে পরিবেশ দূষণের অভিযোগ ওঠায় ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছে শিল্প মহলের একাংশ।