• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

সুজিত বসুর গ্রেপ্তার মামলায় হাইকোর্টে ইডির হলফনামা তলব

চারজনের নাম উল্লেখ করে ১৫০ জনের বেআইনি নিয়োগে সুজিত বসুর সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানায় ইডি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জামিন মামলায় স্বস্তি পেলেন না প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরোনো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া সুজিত বসুর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি ছিল।

এদিন আদালতে সুজিত বসুর পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, প্রাক্তন দমকলমন্ত্রী ৬৫ দিন ধরে হেফাজতে রয়েছেন। তাঁর গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এর আগে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছিল। তারপর সিবিআই চার্জশিট দেয়। এরপরে অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়। কিন্তু কোনওটাতেই সুজিত বসুর নাম নেই।

অভিষেক মনু সিংভি আদালতে জানান, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা কি তা জানা নেই। তদন্তের সহযোগিতার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখনও ডাকা হয়নি বলেও সুজিত বসুর আইনজীবী এদিন আদালতে জানান। এমনকী প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে অসহযোগিতার অভিযোগও ওঠেনি বলে তিনি জানিয়েছেন।

প্রাক্তন দমকলমন্ত্রীর আইনজীবী এদিন আদালতে জানান, গত তিন বছরে একবারের জন্যও সুজিত বসুকে ডাকা হয়নি। অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন মামলার নির্দেশ দেখারও তিনি আবেদন করেন। সিবিআই ও ইডির তদন্ত চলাকালীন সুজিত বসুকে একবারও ডাকা হয়নি। এর আগে সুজিত বসুর বিরুদ্ধে ২৯ জনের বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। চারজনের নাম উল্লেখ করে ১৫০ জনের বেআইনি নিয়োগে সুজিত বসুর সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানায় ইডি। এই মামলায় ২৯ জুন ইডি হলফনামা দেবে। পরবর্তী শুনানি হবে ১ জুলাই।