• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

অবনমন হয়ে গেলেও আইএসএলে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে মহামেডান

তবে আইএসএলে তারা খেলতে পারবে কি না, সেই সিদ্ধান্ত হতে মাস দুয়েক সময় লেগে যাবে বলে জানান তিনি

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে তাদের অবনমন হয়ে গেলেও আসন্ন মরসুমেও দেশের এক নম্বর লিগে খেলতে চায় মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের নতুন দায়িত্বে এসে এমনটাই­­­­­­ জানালেন ক্লাবের সাধারণ সচিব ওয়াসিম আক্রম। ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবির ঘোষণা করেন, ক্লাবের ফুটবল দলকে এ বার থেকে একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে চালানো হবে। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এর স্বীকৃতিও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। সোমবার এক সাংবাদিক বৈঠকে নয়া সচিব হিসেবে ওয়াসিম আক্রমের নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর।

দায়িত্ব নিয়ে এ দিন আক্রম সদস্যদের জানিয়ে দেন আসন্ন আইএসএলে খেলার জন্য উদ্যোগ নিচ্ছেন তাঁরা। কিন্তু প্রশ্ন হল, কী ভাবে তাঁরা এ মরশুমে আইএসএলে খেলবেন? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী গত বছর থেকেই আইএসএলে অবনমন চালু হয়ে গিয়েছে এবং গত আইএসএলে ১৩টি ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেয়ে অবনমনের আওতায় পড়ে যায় মহামেডান।

তা সত্ত্বেও কী ভাবে আইএসএলে খেলবে তারা? নবনির্বাচিত মহামেডান সচিবের ব্যাখ্যা, ‘গতবারের আইলিগে যারা চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছিল, তারা আগামী বছর আইএসএলে খেলবে কি না, ঠিক নেই। রানার্স-আপরা বলেই দিয়েছে তারা আর্থিক সঙ্গতির অভাবে আইএসএলে খেলতে পারবে না। চ্যাম্পিয়নদেরও (ডায়মন্ড হারবার এফসি)-র খেলাও অনিশ্চিত বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ওরা কেউই যদি না খেলে, তা হলে আমাদেরই সুযোগ দেওয়া উচিত। এই আর্জি জানিয়ে আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছি। তারা মেনে নিলে ভাল। না হলে আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। সেই প্রস্তুতিও নিয়ে রাখছি আমরা’।

আইএসএলে খেলার চেষ্টা শুরু করলেও মহামেডান ক্লাব কিন্তু এখনও ইনভেস্টর পায়নি। ফুটবল দলকে একটি বাণিজ্যক সংস্থায় পরিণত করা হচ্ছে, এই ঘোষণা করা হলেও ইনভেস্টর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গিয়েছে, একাধিক ইনভেস্টরের সঙ্গে কথা হলেও কারও কাছ থেকেই এখনও পর্যন্ত সবুজ সঙ্কেত পায়নি ক্লাব। তবে সদস্যদের উদ্দেশ্যে ওয়াসিম জানান, ‘আশা করি, এই ব্যাপারে তাড়াতাড়িই সদস্য-সমর্থকদের ভাল খবর দিতে পারব’। তবে আইএসএলে তারা খেলতে পারবে কি না, সেই সিদ্ধান্ত হতে মাস দুয়েক সময় লেগে যাবে বলে জানান তিনি।

ফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আইএসএল শুরু হবে। মহামেডান সচিব মনে করছেন, মাস দুয়েকের মধ্যে তাদের আইএসএলে খেলা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তা হলে তা হতে হতে অগাস্ট হয়ে যাবে। তার পরে মাত্র এক মাসের মধ্যে দল গড়ে কী ভাবে আইএসএলের জন্য তৈরি হবে তারা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আইএসএলের ক্লাবগুলির যে বৈঠক হয়, তাতে মহামেডানের কোনও প্রতিনিধি ছিল না। ওয়াসিম জানান, ‘ওই বৈঠকের পর থেকেই আমরা এই উদ্যোগ শুরু করেছি। যেখানে যেখানে কথা বলার প্রয়োজন, সব জায়গাতেই কথা বলেছি। এ বার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ সোমবারের এই ঘোষণার পর সাদা-কালো বাহিনীর সমর্থকেরা যে আশায় বুক বাঁধতে শুরু করেছেন, এই নিয়ে কোনও সন্দেহ নেই। সেই আশা তাদের পূর্ণ হয় কি না, এখন সেটাই দেখার।