• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

বঙ্গ সফরে আসছেন মোদী, পশ্চিবঙ্গ দিবসে তারকেশ্বর থেকে একগুচ্ছ ঘোষণার সম্ভাবনা

প্রধানমন্ত্রীর দু’দিনের সফরে প্রথম দিন অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন তারকেশ্বরে সভা করবেন। তারপর ২১ জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও যোগ দেবেন তিনি

আগামী ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। সেই দিনই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরে একটি জনসভা থেকে তিনি বাংলার উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প ও নতুন উদ্যোগের ঘোষণা করতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

বর্তমানে রাজ্যে বিজেপির সরকার থাকায় ‘ডবল ইঞ্জিন’ ব্যবস্থা তুলে ধরে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্রিগেডে বিজেপি সরকারেরর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রায় দেড় মাসের মধ্যেই ফের বাংলা সফরে আসছে মোদী।

প্রধানমন্ত্রীর দু’দিনের সফরে প্রথম দিন অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন তারকেশ্বরে সভা করবেন। তারপর ২১ জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। ওই উপলক্ষে রাজ্য বিজেপি ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠক করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বকে তারকেশ্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ২০ জুনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৯৪৭ সালের এই দিনেই তৎকালীন প্রাদেশিক আইসভায় বঙ্গভাগ ও পশ্চিমাংশের ভারতভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল। দীর্ঘদিন ধরেই এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি জানিয়ে আসছিল বিজেপি। এছাড়া ইতিহাসের সঙ্গে তারকেশ্বরের বিশেষ যোগসূত্রও তুলে ধরছে বিজেপি।

দলের দাবি, ১৯৪৭ সালের ৫ এপ্রিল তারকেশ্বর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৃথক পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে প্রথম জোরালো আহ্বান জানিয়েছিলেন। সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানস্থল হিসেবে তারকেশ্বকে বেছে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, তারকেশ্বরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।