• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট অর্জন করেছে তারা

Image: IANS

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট অর্জন করেছে তারা। স্প্যানিশ কোচ জুলিয়ান লোপেতেগুইয়ের তত্ত্বাবধানে বাজিমাত করল কাতার। তবে, বিশ্বকাপের এই যাত্রাপথটা খুব একটা সহজ ছিল না পশ্চিম এশিয়ার এই দেশটির জন্য।

২০২২ সালে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। তবে, এবার যোগ্যতা-অর্জন পর্বে বেশ লড়াই করেই মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। তবে, বিশ্বকাপের প্রস্তুতিতে ভূরাজনৈতিক সমস্যা বিশেষ বাঁধা তৈরি করেছে লোপেতেগুইয়ের দলের জন্য।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কাতারের বর্তমান কোচ জানান, ইরান-আমেরিকা ও ইজরায়েলকে ঘিরে উত্তেজনার কারণে দলকে সবসময় সতর্ক থাকতে হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি সংক্রান্ত একাধিক পরিকল্পনা ব্যাহত হয়। এমনকি, আর্জেন্টিনা এবং সার্বিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও বাতিল করতে হয়।

এইসব সমস্যা সত্ত্বেও দায়িত্ব থেকে সরে যাননি লোপেতেগুই। আসলে, ২০১৮ বিশ্বকাপের আগে হঠাৎই স্পেনের কোচের পদ হারানোর পর কাতারের দায়িত্ব নিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করার লক্ষ্য নিয়েছিলেন তিনি। সেই লক্ষ্যেই এবার কাতারকে এনে দিলেন বিশ্বকাপের প্রথম ঐতিহাসিক পয়েন্ট।