• facebook
  • twitter
  • youtube
Friday, 12 June, 2026

বর্ষার আগেই বাড়তি সতর্কতা, জল জমা রুখতে যুদ্ধকালীন প্রস্তুতি পুর প্রশাসনের

শহরের কোথাও যাতে জল জমে জনজীবন বিপর্যস্ত না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


দোরগোড়ায় বর্ষা। আর বর্ষা মানেই কলকাতাবাসীর কাছে জল জমা, যানজট ও দুর্ভোগের আশঙ্কা। মানুষকে যাতে জলযন্ত্রণা ভোগ করতে না হয় তার জন্য এবার আগেভাগেই তৎপর কলকাতা পুরসভা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কয়েকদিন আগে ভেঙে গিয়েছে পুরবোর্ড। সেই প্রেক্ষাপটে বর্তমান পুর-প্রশাসনের কাছে বর্ষাকালীন পরিস্থিতি সামাল দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শহরের কোথাও যাতে জল জমে জনজীবন বিপর্যস্ত না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের পরই নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে একাধিক জরুরি বৈঠক করেছেন পুর-প্রশাসক। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি শুক্রবার বেহালার শরৎ সদনে পূর্ব ও পশ্চিম বেহালার একাধিক ওয়ার্ডের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

পুরসভা ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি নিচু এলাকা বিশেষ করে যেখানে জল জমে সেই সব এলাকাকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত করেছে। তালিকায় রয়েছে ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, তপসিয়া, তিলজলা, পার্ক স্ট্রিট, ভবানীপুর, চেতলা, গল্ফ গার্ডেন, নাকতলা এবং বেহালার বিস্তীর্ণ অংশ। জল জমা ঠেকাতে ভারী বৃষ্টির পর দ্রুত জল নিষ্কাশনের লক্ষ্যে ওই এলাকাগুলিতে অতিরিক্ত উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেনেজ পাম্প মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পুরসভা।

শুধু জল সরানোই নয়, কলকাতা পুরসভার তরফে বর্ষাকালে ডেঙ্গি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়ি ও ফাঁকা জমি চিহ্নিত করে সাফাই অভিযান চালানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে শহরের প্রধান খাল ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের সংযোগপথ যাতে পলি বা আবর্জনায় আটকে না যায়, তার জন্য সেচ দফতরের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে পুরসভার নিকাশি বিভাগ।

পুরসভার এক শীর্ষ আধিকারিকের দাবি, ভারী বৃষ্টির পর অতিদ্রুত জল নামানোর জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকল্পনা, পরিকাঠামো ও সমন্বয় ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। আশা করা যায়, এবার মানুষকে জল জমার কারণে সেভাবে সমস্যায় পড়তে হবে না।