• facebook
  • twitter
  • youtube
Wednesday, 10 June, 2026

ভারতকে পর্যবেক্ষণে রাখতে নজরদারি পাকিস্তানের, ১৬ মাসে উৎক্ষেপণ ৬টি উপগ্রহের

মহাকাশ প্রযুক্তিতে ভারত এখনও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে

পশ্চিম এশিয়ায় এখন যুদ্ধের আবহ। তবে ভারত-পাকিস্তান সীমান্তে এখনও পর্যন্ত সেই যুদ্ধের আঁচ এসে পড়েনি। কিন্তু যুদ্ধের আবহ না থাকলেও মহাকাশে দুই দেশের কৌশলী প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৬ মাসে পাকিস্তান ৬টি নতুন আর্থ অবজারভেশন রিমোট সেন্সিং স্যাটেলাইট বা ভূ-পর্যবেক্ষণকারী উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। এর ফলে ভারত, বিশেষ করে জম্মু-কাশ্মীর ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের উপরে পাকিস্তানের নজরদারি অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে উৎক্ষেপণ করা পাকস্যাট-১, পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩ উপগ্রহগুলি শুধু কৃষি বা দুর্যোগ পর্যবেক্ষণের জন্য নয়, প্রয়োজনে সামরিক তথ্য সংগ্রহেও ব্যবহার করা যেতে পারে। আধুনিক এই উপগ্রহগুলিতে উচ্চ-রেজলিউশনের ক্যামেরা, হাইপারস্পেকট্রাল সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর তথ্য বিশ্লেষণের সুবিধে রয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, সীমান্ত অঞ্চলে নজরদারি কিংবা সমুদ্রে গতিবিধির উপরে নজর রাখা অনেক সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

পিআরএসসি-ইও৩ উপগ্রহটি বিশেষজ্ঞদের নজর কেড়েছে। এটিকে এমন কক্ষপথে বসানো হয়েছে, যেখান থেকে উত্তর ভারত ও কাশ্মীরের উপরে তুলনামূলকভাবে বেশি নজরদারি চালানো সম্ভব। মহাকাশ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলির বিশ্লেষণেও সেই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলা হয়। সেই হামলার তিন মাস আগে থেকেই পাকিস্তান উপগ্রহ মোতায়েনের কাজ শুরু করেছিল।

উপগ্রহের মাধ্যমে নজরদারির পিছনে চিনের বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ উপগ্রহ চিনা রকেটে উৎক্ষেপণ করা হয়েছে। অনেক প্রকল্প যৌথভাবে তৈরি হয়েছে। প্রযুক্তি, নকশা ও তথ্যের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও বেজিংয়ের সহায়তা পেয়েছে ইসলামাবাদ এমনটাই ধারণা প্রতিরক্ষা মহলের। সন্দেহ করা হচ্ছে, গত ১৬ মাসের মধ্যে যে ৬টি উপগ্রহ মহাকাশে মোতায়েন করা হয়েছে তাতে চিনের যথেষ্ট অবদান রয়েছে। শুধু তাই নয়, মহাকাশ বিজ্ঞানে চিনের উপর অনেকাংশেই নির্ভরশীল পাকিস্তান।

গত দুই বছরে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ উপগ্রহ মিশন প্রত্যাশামতো সফল হয়নি। এর মধ্যে রয়েছে ইওএস-এন ১, ইওএস-০৯ এবং ন্যাভআইসি, এনভিএস-০২ এর মতো উপগ্রহ উৎক্ষেপণ। যদিও মহাকাশ প্রযুক্তিতে ভারত এখনও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে, তবুও বিশেষজ্ঞদের মতে দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক পরিস্থিতির নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।