• facebook
  • twitter
  • youtube
Tuesday, 9 June, 2026

হরমুজ প্রণালীর কাছে ভাঙল মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার, প্রাণরক্ষা সেনাকর্মীদের

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল সংঘাতে ফিরেছে যুদ্ধের আবহ। সম্প্রতি সেই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে মতপার্থক্যও দেখা দিয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সেনাবাহিনীর AH-64 অ্যাপাচি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর প্রকাশ্যে এসেছে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার পরে হেলিকপ্টারে থাকা দুজন ক্রু সেনাকর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে। হরমুজ় প্রণালীর কাছে সেনার এই বিশেষ কপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, পাইলটরা নিরাপদে রয়েছেন। দুর্ঘটনায় কেউ আহত হননি। ঘটনার বিষয়ে মার্কিন প্রশাসন মঙ্গলবার একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে বলেও ট্রাম্প জানিয়েছিলেন।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইরানের হামলার জন্য নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইজরায়েল ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িকভাবে একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ রাখার ঘোষণা করেছে। যদিও তেহরান সতর্ক করে দিয়েছে, লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইজরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও পাল্টা আক্রমণ শুরু করবে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার ফলে হরমুজ প্রণালীর কাছে ওই অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি সামরিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।