সপ্তাহের শুরুতে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। সেই ভয়াবহ ভূমিকম্প ইতিমধ্যেই ৩৫ জনের প্রাণ কেড়েছে। ২০০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। ভূমিকম্পের জেরে দোকানপাটের পাশাপাশি বিভিন্ন শহরের একাধিক বহুতল ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফিলিপাইনে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে এ বিষয়ে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, মিন্ডানাওয়ে, ফিলিপাইনে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময়ে ভারত ফিলিপাইনের মানুষ ও সরকারের পাশে রয়েছে।
সোমবার সকাল স্থানীয় সময় ৭টা ৩৭ নাগাদ রিখটার স্কেলে ৭.৮ মাত্রা কম্পন অনুভূত হয় দক্ষিণ ফিলিপাইনের মিন্ডানাওয়ে দ্বীপে। সমগ্র ফিলিপিন্স–সহ জাপান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও পরে একাধিক জায়গায় তা তুলেও নেওয়া হয়। ভয়াবহ ভূমিকম্পের পরে পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পৌঁছে যায়। প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছে।
মোদীর এই বার্তা প্রাকৃতিক দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অবস্থানকেই পুনর্ব্যক্ত করে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানে ভারত অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।




