• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

আইএসএল নির্ধারিত সময়েই হবে, আশ্বাস কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর, যৌথ কমিটি গড়ার প্রস্তাব

নির্ধারিত সময়েই যাতে আইএসএল শুরু হয়, তার ব্যবস্থা করা হবে। আইএসএল নিয়ে এখনও যে জট বেঁধে রয়েছে তা জানানো হয়েছে।

প্রত্যাশামতোই  আইএসএলের ক্লাবগুলির সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত হল না। তবে ইতিবাচক বৈঠকই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রী ক্লাবগুলিকে আশ্বাস দিয়েছেন, আসন্ন মরসুমে নির্ধারিত সময়েই যাতে আইএসএল শুরু হয়, তার ব্যবস্থা করা হবে।

সোমবার দুপুরে ক্লাবগুলির প্রতিনিধিদের নয়াদিল্লির সাইয়ে এক বৈঠকে ডাকেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। ফেডারেশন কর্তারা এবং প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলও এই বৈঠকে উপস্থিতি ছিলেন বলে জানা গিয়েছে।

আইএসএল নিয়ে এখনও যে জট বেঁধে রয়েছে, সেই সম্পর্কে ক্রীড়ামন্ত্রীকে অবহিত করেন ক্লাব প্রতিনিধিরা। ক্লাবের জোট যে আগামী দুই মরসুমে আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে চায়, সেই প্রস্তাবের কথাও ক্রীড়ামন্ত্রীকে জানান তাঁরা।

আইএসএলে খেলা ক্লাবগুলির জোট ফেডারেশনকে যে প্রস্তাব দিয়েছিলসেই প্রস্তাবে জানানো হয়, আগামী দুই মরসুমের জন্য আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে চায় তারা এবং এজন্য ফেডারেশনকে তারা বছরে ১৫ কোটি টাকা করে দেবে।

তার আগে মার্কেটিং পার্টনারের দায়িত্ব পাওয়ার জন্য বিড করা বিদেশি সংস্থা জিনিয়াস স্পোর্টস যে প্রস্তাব দিয়েছিল, তাতে তারা জানিয়েছিল আগামী ২০ বছরের জন্য তারা আইএসএলের মার্কেটিং পার্টনার হতে চায় এবং প্রতি বছর তারা ফেডারেশনকে ১২ কোটি টাকা করে দেবে। কিন্তু জিনিয়াস স্পোর্টসের এই প্রস্তাবে ক্লাবগুলি কোনও আর্থিক লাভের সম্ভাবনা দেখতে পায়নি। সেই কারণেই তারা আকারে ইঙ্গিতে ফেডারেশনকে বুঝিয়ে দেয়, এই প্রস্তাব মেনে নিয়ে খেলা তাদের পক্ষে সম্ভব হবে না।

পরিস্থিতি এমনই হয় যে, পাঁচ-ছ’টি ক্লাব তাদের ঝাঁপ বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও করতে শুরু করে দেয়। সে রকম পরিস্থিতি যাতে না হয়, সেই জন্যই ক্লাব জোট ফেডারেশনকে সম্প্রতি এই প্রস্তাব দেয়। এ ছাড়াও ফেডারেশনকে তারা জানিয়েছে, তাদের আইএসএল চালানোর দায়িত্ব দিলে ফেডারেশনের অধিকারে তারা হস্তক্ষেপ করবে না।

ক্রীড়ামন্ত্রীর কাছে এই ছবি পুরোপুরি তুলে ধরার পর তিনি কয়েক দিনের মধ্যে ক্লাব ও ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করার প্রস্তাব দেন। সুষ্ঠু ভাবে আগামী মরসুমের আইএসএল আয়োজন করার রাস্তা নির্ধারণ করতেই এই কমিটি গঠন করতে বলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর এই প্রস্তাবেই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, ক্লাব জোটের প্রস্তাবে ক্রীড়ামন্ত্রকেরও সায় রয়েছে।

ক্লাবগুলির প্রতিনিধিরা ক্রীড়ামন্ত্রীর কাছে একটি দাবিও রেখেছেন, যাতে আগামী আইএসএলে স্টেডিয়াম বাবদ তাদের ভাড়া না দিতে হয়। তাদের এই দাবি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।