• facebook
  • twitter
  • youtube
Sunday, 7 June, 2026

নিট পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছবে ভারতীয় বায়ুসেনা, জোর নিরাপত্তায়

পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চলতি বছর দেশজুড়ে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আর এবার এই প্রশ্নপত্র নিরাপদ স্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হল। জানা গিয়েছে, প্রথমবারের মতো ভারতীয় বায়ুসেনার হাতে নিটের প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার একথা জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল অভিষেক সিং।

আগামী ২১ জুন পুনরায় নিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন অভিষেক সিং। তেলেঙ্গানার মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাওয়ের ডাকা একটি বৈঠকে তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, ‘প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে প্রশ্নপত্র নির্দিষ্ট সময়ে এবং সুরক্ষিতভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে।’

তেলেঙ্গানা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেছিলেন, জুন মাসে আবহাওয়া এবং নিরাপত্তাজনিত বিষয় মাথায় রেখে প্রশ্নপত্র পৌঁছানোর কাজে ভারতীয় বায়ুসেনাকে নিযুক্ত করা হবে।

এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র নির্ধারিত সময়ে এবং নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্যই বায়ুসেনার সাহায্য নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। এরপর ১২ মে এনটিএ সেই পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে। পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।