কলকাতা সফরে এসে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন, আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে করে ৬ ঘণ্টায় পৌঁছোনো যাবে দিল্লি। সুতরাং খুব শীঘ্রই বুলেট ট্রেনের পরিষেবা পেতে চলেছেন রাজ্যবাসী। রেলমন্ত্রী জানান, এই বুলেট ট্রেন দিল্লি, লখনউ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে।
এদিকে আগামী ৫ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুরও আশ্বাস দেন রেলমন্ত্রী। বাংলার জন্য রেলের কাজ সম্পর্কে রেলমন্ত্রী বলেন, ‘১০২টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। তার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বন্দে ভারত স্লিপার সবার আগে বাংলায় চালু হয়েছিল। ৯ বন্দে ভারত এক্সপ্রেস চলছে বাংলায়। ১৩টি অমৃত ভারত চলছে। পশ্চিমবঙ্গে এবার প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছেন। দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে এই বুলেট ট্রেন। দিল্লি থেকে ৬ ঘণ্টায় আরামে বসে এবার শিলিগুড়ি চলে আসতে পারবেন। কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন নেক্সট জেনারেশনের ট্রেন আনা হবে। পূর্ব থেকে পশ্চিমের ফ্রেট করিডর চালু হচ্ছে। ডানকুনি থেকে চালু হয়ে তা সুরাট পর্যন্ত যাবে।’
অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবার পা রাখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তৃণমূল সরকারের অসহযোগিতার জন্য রাজ্যবাসী মোদী সরকারের আমলে রেলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। এই বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘কলকাতাবাসী যাতে মেট্রো পরিষেবা না পান তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গে পুরো উদ্যোমে কাজ শুরু হবে।’
তাছাড়া বাংলার জন্য বড় অঙ্কের বরাদ্দ কার্যত দরজায় কড়া নাড়ছে বলেও জানালেন রেলমন্ত্রী। এই বিষয়ে সাংবাদিকদের সামনে রেলমন্ত্রীর দাবি, ‘ইউপিএ সরকারের আমলে ৪০০০ কোটি বরাদ্দ মিলত বাংলার জন্য। আর নরেন্দ্র মোদীজি ১৪২০৫ কোটি দিয়েছেন। এখন তো এনওসি দেওয়ার কাজ, জমি অধিগ্রহণের সমস্যা সব সমাধান হতে শুরু করেছে। এবার সবাই মিলে আরও দ্রুত কাজ করা হবে। ১৯৭২ সালে চালু হওয়ার পর ৪২ বছরে মাত্র ২৮ কিমি কলকাতা মেট্রোপথের কাজ হয়েছে। অথচ গত ১২ বছরে মোদীজির জমানায় কলকাতায় ৪৫ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারণ হয়েছে।’




