• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শুভমান গিলের

টসে জিতে তিনি বলেন, ‘বেশ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। সে জন্য উইকেটও খুব শুকনো। নিজের শহরে টেস্ট খেলার স্বপ্ন আমার অনেক দিনের

ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। টসে জিতে তিনি বলেন, ‘বেশ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। সে জন্য উইকেটও খুব শুকনো। নিজের শহরে টেস্ট খেলার স্বপ্ন আমার অনেক দিনের।

সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সে জন্য আমি সন্মানিত। এর পরে আমাদের সামনে আরও নটা টেস্ট আছে। বেশিরভাগই ঘরের মাঠে। শ্রীলঙ্কাতেও আছে কয়েকটা। সেই টেস্টগুলির জন্য সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে আমাদের। ব্যাটসম্যানদের অনেক কিছু প্রমাণ করার আছে’।

এই টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। বিশ্রামে রয়েছেন জশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। ফলে ভারতের একাদশে নতুন মুখদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। নির্বাচকদের স্পষ্ট বার্তা—এখন ভবিষ্যতের দল গড়ার সময়। সেই কথা ভেবেই রাজস্থানের ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার মানব সুথারকে টেস্ট অভিষেকের সুযোগ করে দেওয়া হল।

টেস্ট দলের এই পরিবর্তনের আবহেই সবচেয়ে বেশি নজর থাকবে সাই সুদর্শনের দিকে। কোচ গম্ভীর গতকালই জানিয়ে দিয়েছেন, তিন নম্বরে ব্যাট করবেন এই বাঁহাতি তরুণ। গম্ভীরের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের মতো যথেষ্ট সুযোগ এখনও পাননি সুদর্শন। তাই তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।গম্ভীরের কথা মতোই দলে রয়েছেন সাই।

মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে পয়েন্ট অর্জনের চাপ নেই। কিন্তু ভারতের জন্য এটি নতুন যুগের ভিত তৈরি করার সুযোগ, আর আফগানিস্তানের জন্য বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ।