নতুন অধিনায়ক, নতুন ব্যাটিং অর্ডার, দলে একঝাঁক তরুণ মুখ—ভারতীয় টেস্ট ক্রিকেট যেন এক নতুন অধ্যায়ের সূচনালগ্নে দাঁড়িয়ে। সেই পরিবর্তনের যাত্রার প্রথম পরীক্ষা শুরু হচ্ছে শনিবার নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে, একমাত্র টেস্টে প্রতিপক্ষ আফগানিস্তান। কাগজে-কলমে ভারত স্পষ্ট ফেভারিট হলেও, এই ম্যাচকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন কোচ গৌতম গম্ভীর ও তাঁর দল।
দীর্ঘদিনের অধিনায়কত্ব যুগের অবসানের পর এবার টেস্ট দলের নেতৃত্বে শুভমান গিল। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। বিশ্রামে রয়েছেন জশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। ফলে ভারতের একাদশে নতুন মুখদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। নির্বাচকদের স্পষ্ট বার্তা—এখন ভবিষ্যতের দল গড়ার সময়।
এই পরিবর্তনের আবহেই সবচেয়ে বেশি নজর থাকবে সাই সুদর্শনের দিকে। কোচ গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিন নম্বরে ব্যাট করবেন এই বাঁহাতি তরুণ। গম্ভীরের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের মতো যথেষ্ট সুযোগ এখনও পাননি সুদর্শন। তাই তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে পয়েন্ট অর্জনের চাপ নেই। কিন্তু ভারতের জন্য এটি নতুন যুগের ভিত তৈরি করার সুযোগ, আর আফগানিস্তানের জন্য বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ।
ভারতের জন্য এই ম্যাচ শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং নতুন কম্বিনেশন যাচাইয়ের মঞ্চ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটে গম্ভীর স্বীকার করেছেন, ভারতের টেস্ট দল এখনও সন্ধিক্ষণে রয়েছে। তবে তাঁর বিশ্বাস, এই পরিবর্তনই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে।
সেই জন্যই এই টেস্টকে কম গুরুত্ব দিতে নারাজ ভারতের হেড কোচ। শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে নেই বলে এই টেস্ট অন্যান্য টেস্টের চেয়ে আলাদা কিছুই নয়। তাই এই টেস্টে আমরা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব’।
অন্যদিকে আফগানিস্তানও নিছক অংশগ্রহণ করতে আসেনি। রশিদ খানের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও রহমত শাহ, ইব্রাহিম জার্দান এবং আজমাতুল্লাহ ওমারজাইদের নিয়ে দলটি লড়াইয়ের জন্য প্রস্তুত। নতুন কোচ রিচার্ড পাইবাসের অধীনে আফগান দল টেস্ট ক্রিকেটে নিজেদের পরিচয় আরও মজবুত করার লক্ষ্য নিয়েই ভারতে এসেছে।
তাদের কোচ রিচার্ড পাইবাস বলেন, ‘নতুন স্টেডিয়ামে নতুন উইকেটে খেলা হবে। তাই আমার মনে হয়, আমাদের মতো ভারতীয় টিম ম্যানেজমেন্টও ঠিক জানে না, এই উইকেট কেমন আচরণ করবে। মনে হচ্ছে প্রচণ্ড গরমে উইকেট ক্রমশ শুকিয়ে যাবে।যদিও উইকেটে ঘাস আছে। তবে স্পিনাররা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে হচ্ছে।’
দুই তরুণ বাঁহাতি স্পিনার হর্ষ দুবে ও মানব সুথারের মধ্যে যে কোনও একজনের অভিষেক হতে পারে এই টেস্টে। তবে এই উইকেটে নিতিশ কুমার রেড্ডির কার্যকরী হওয়ার সম্ভাবনা কম। তাই তিনি প্রথম এগারোয় থাকবেন কি না, এটাই দেখার।
তবে ফলাফল যাই হোক, নিউ চণ্ডীগড়ের এই টেস্ট ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজবে। সেই কারণেই সিরিজের এই একমাত্র টেস্ট ম্যাচের গুরুত্ব সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে অনেক বেশি।
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষ দুবে/মানব সুথার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।




