• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মন্ত্রীর

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার একমাসের মধ্যেই আসানসোল জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার বিকেলে জেলা হাসপাতালে কনফারেন্স হলে হওয়া এই বৈঠকে মন্ত্রী ছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডেপুটি সুপার, সহকারী সুপাররা। এছাড়াও ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশ ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা।
বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জেলা হাসপাতালের সামগ্রিক চিত্রটা বোঝার চেষ্টা করেন। তিনি বৈঠকে সুপার ও  চিকিৎসক, নার্স এবং কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী হাসপাতালের মর্গ, ট্রমা কেয়ার সেন্টার, বেশ কিছু চিকিৎসকের অনিয়মিত আসা, ওষুধের দোকান, নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।  জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা যাতে সাধারণ মানুষ পান, তার নির্দেশ তিনি সুপারকে দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ‘অনেক চিকিৎসক সপ্তাহে ঠিক মতো ডিউটি করেন না বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তৃণমূল জমানায় এইসব চলতে পারে। কিন্তু বিজেপি সরকারে তা চলবে না। সরকারি নির্দেশ মেনে সবাইকে ডিউটি করতে হবে। অনেক নার্স ও কর্মী আছেন, যারা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এইসব কিছু বন্ধ করতে হবে। তিনি বলেন, এই হাসপাতালে একটা ট্রমা কেয়ার সেন্টার তৈরির কথা ছিল। অ্যাম্বুল্য়ান্স সহ অন্য সামগ্রী তার জন্য আনা হয়েছিল। কিন্তু এখানে তা না হয়ে তা, সিঙ্গুরে চলে যায়। ডিএমের সঙ্গে কথা বলে জেনেছি এই ট্রমা কেয়ার সেন্টার জাতীয় সড়কের পাশে হলে ভালো হয়।’