• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, স্পেনের ড্র, এমবাপেকে ঘিরেও বাড়ছে উদ্বেগ

প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-২-এ হেরে গেল দিদিয়ে দেশঁর দল

Image: IANS

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড়সড় ধাক্কা খেল ফ্রান্স। প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-২-এ হেরে গেল দিদিয়ে দেশঁর দল। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।অন্যদিকে প্রস্তুতি ম্যাচে হোঁচট খেল স্পেনও। তারা ইরাকের বিরুদ্ধে ১-১ ড্র করে।
বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত একটি গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার রায়ান চেরকি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লে ব্লু-রা। আইভরি কোস্টের হয়ে সমতা ফেরান গেলা দু এবং পরে জয়সূচক গোল করেন আমাদ দিয়ালো।

লা করুনিয়ার ঐতিহাসিক রিয়াজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে গোল করেন ফেরান তোরেস, আর ইরাককে সমতায় ফেরান মেরখাস দোস্কি।
ফ্রান্সের কাছে হারের চেয়েও বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সামগ্রিক পারফরম্যান্স। ম্যাচে রক্ষণভাগে একাধিক ভুল ধরা পড়েছে, মাঝমাঠেও ছন্দের অভাব ছিল স্পষ্ট। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই দুর্বলতাগুলি কতটা সমস্যা তৈরি করতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

সমালোচনার কেন্দ্রে রয়েছেন ফরাসি কোচ দিদিয়ে দেশঁ। ২০১৮-র বিশ্বকাপজয়ী এই কোচের সাফল্য নিয়ে কোনও প্রশ্ন নেই। তবু সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তাঁর কৌশল ও দল নির্বাচন নিয়ে বিতর্ক বাড়ছে। অনেকের মতে, ফ্রান্সের প্রতিভার ভাণ্ডার থাকা সত্ত্বেও দলটি এখনও নিজেদের সেরা ছন্দ খুঁজে পায়নি।

অন্যদিকে, দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে। ক্লাব ফুটবলে কঠিন মরসুম কাটানোর পর তাঁর ফর্ম ও মানসিক অবস্থাকে ঘিরে প্রশ্ন ওঠে। যদিও দেশঁ স্পষ্ট জানিয়েছেন, এমবাপে শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত এবং বিশ্বকাপের জন্য তৈরি।

তবে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামার আগে ফ্রান্স একটি সতর্কবার্তা পেয়ে গেল। তবে দেশঁ এবং তাঁর ফুটবলাররা এটিকে ব্যর্থতা নয়, বরং সময়মতো পাওয়া শিক্ষা হিসেবেই দেখছেন। এখন দেখার, বিশ্বকাপের মূল মঞ্চে ফ্রান্স কত দ্রুত নিজেদের ছন্দে ফিরতে পারে।

চিন্তা ঢুকে পড়েছে স্প্যানিশ শিবিরেও।বিশ্বকাপের আগে একাধিক তারকা ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোট এবং ফিটনেস সংক্রান্ত কারণে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, রদ্রি, ফাবিয়ান রুইস-সহ বেশ কয়েকজন নিয়মিত ফুটবলারকে প্রথম একাদশে রাখা হয়নি। ফলে পরীক্ষামূলক দল নিয়েই মাঠে নেমেছিল ইউরো ২০২৪ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন দে লা ফুয়েন্তে। বেশ কয়েকজন তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারকে সুযোগ দেওয়া হয়। তবে বলের দখল বেশি থাকলেও স্পেন ইরাকের সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে পারেনি।

এই ম্যাচে স্পেনের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফেরান তোরেস। গোল করার পাশাপাশি আক্রমণে ধারও তৈরি করেন তিনি। তরুণ মিডফিল্ডার মার্ক বার্নালও সিনিয়র দলে অভিষেকে নজর কাড়েন। অন্যদিকে ইরাকের হয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন গোলদাতা মেরখাস দোস্কি এবং গোলরক্ষক আহমেদ বাসিল।

বিশ্বকাপের আগে এটি স্পেনের জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। যদিও কোচ দে লা ফুয়েন্তে উদ্বিগ্ন নন। তাঁর মতে, মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস পরীক্ষা করা এবং স্কোয়াডের গভীরতা যাচাই করা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে স্পেন আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পেরুর বিরুদ্ধে।