বইপাড়ার হকারদের উচ্ছেদ করার জল্পনায় কার্যত জল ঢালল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়ে দিলেন, কলেজ স্ট্রিট এলাকায় কোনও হকার উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা নেই। এই সংক্রান্ত যে খবর বা প্রচার ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডি. পি. সিং। তিনি জানান, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের বিষয়ে পুলিশের তরফেও কোনও ধরনের নোটিস জারি করা হয়নি। বিষয়টি নিয়ে জোড়াসাঁকো, আমহার্স্ট স্ট্রিট-সহ সংশ্লিষ্ট থানাগুলির ডিসিদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
ডি পি সিং বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের কোনও নির্দেশ বা নোটিস দেওয়া হয়নি। পুরসভার তরফে কারা বা কীভাবে এই ধরনের কথা মৌখিকভাবে ছড়িয়েছেন, তা খতিয়ে দেখা হবে।’ অন্যদিকে, কমিশনার স্মিতা পাণ্ডে জানান, কলকাতা পুরসভার বাজার বিভাগের তরফেও কাউকে উচ্ছেদের বিষয়ে কোনও মৌখিক নির্দেশ দেওয়া হয়নি।
পুর কমিশনারের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে কলকাতা পুরসভার নামে জাল নোটিস তৈরি করা হয়েছে। সেই নোটিসকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়িয়েছে হকার এবং ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার উৎস খুঁজে বের করতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।




