• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

রেকর্ড আয়ে নতুন ইতিহাস গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

রেল কর্তৃপক্ষের মতে, গ্রীষ্মকালীন পর্যটন মরসুমে দার্জিলিংমুখী পর্যটকদের ভিড় এবং জনপ্রিয় জয়রাইড পরিষেবার চাহিদা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে

পর্যটকদের বিপুল সাড়া ও টয়ট্রেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় নতুন সাফল্যের মুখ দেখল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। চলতি বছরের মে মাসে আয়ের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয় করেছে এই ঐতিহ্যবাহী রেল পরিষেবা। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে ডিএইচআর-এর আয় দাঁড়িয়েছে ৩৯৫.৬০ লক্ষ টাকা। এর আগে ২০২৫ সালের মে মাসে যায় হয়েছিল ৩৫৮.৬০ লক্ষ টাকা, যা ছিল পূর্ববর্তী সর্বোচ্চ রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে প্রায় ৩৭ লক্ষ টাকার বেশি অতিরিক্ত আয় করেছে টয়ট্রেন পরিষেবা।

রেল কর্তৃপক্ষের মতে, গ্রীষ্মকালীন পর্যটন মরসুমে দার্জিলিংমুখী পর্যটকদের ভিড় এবং জনপ্রিয় জয়রাইড পরিষেবার চাহিদা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। গত কয়েক বছরে ডিএইচআর-এর আয় ওঠানামা করলেও সামগ্রিকভাবে পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের মে মাসে আয় হয়েছিল ৩১৯.৬৪ লক্ষ টাকা, ২০২৩ সালে ৩৫৮.১৮ লক্ষ টাকা, ২০২৪ সালে ২৮৮.৫৮ লক্ষ টাকা এবং ২০২৫ সালে ৩৫৮.৬০ লক্ষ টাকা। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে ডিএইচআর।

মে মাসের সাফল্যের পর জুন মাস নিয়েও আশাবাদী রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অগ্রিম বুকিং এবং পর্যটকদের ভিড় দেখে জুনে ৩৭০ লক্ষ টাকার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত ডিএইচআর-এর এই সাফল্য পাহাড়ের পর্যটন অর্থনীতির জন্যও ইতিবাচক বার্তা বহন করছে। রেল কর্তৃপক্ষের আশা, আগামী দিনেও এই সাফল্যের ধারা বজায় থাকবে এবং বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া এই টয়ট্রেন আরও বেশি পর্যটক আকর্ষণ করবে।