নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা ‘মা বেহেন’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও তৃপ্তি ডিমরিকে। কমেডি, থ্রিল এবং পারিবারিক আবেগে ভরপুর এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবির প্রচারে এসে একে অপরের সম্পর্কে খোলামেলা কথা বললেন দুই অভিনেত্রী।
তৃপ্তি ডিমরি জানান, ছোটবেলা থেকেই তিনি মাধুরী দীক্ষিতের ভক্ত। তবে তাঁর সঙ্গে কাজ করার পর মাধুরীর ব্যক্তিত্বের আরও এক অসাধারণ দিক দেখার সুযোগ পেয়েছেন। তৃপ্তির কথায়, ‘আমরা সবাই দূর থেকে মাধুরী ম্যামের কাজকে শ্রদ্ধা করি। কিন্তু কাছ থেকে তাঁকে জানার পর বুঝেছি, তিনি একজন অসাধারণ মানুষও। তাঁর বিনয়, সৌজন্য এবং অন্যকে সাহায্য করার মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
তৃপ্তি আরও বলেন, ‘আমি চাই ভবিষ্যতে যদি কখনও তাঁর মতো বড় তারকা হতে পারি, তাহলে তাঁর এই গুণগুলো যেন আমার মধ্যেও থাকে। তাঁর মধ্যে কোনও অহংকার নেই, কোনও নিরাপত্তাহীনতা নেই। তিনি সেটে এবং সেটের বাইরে অত্যন্ত শান্ত ও ইতিবাচক একজন মানুষ।’
মাধুরীর দীর্ঘদিনের জনপ্রিয়তার রহস্য নিয়েও মন্তব্য করেন তৃপ্তি। তাঁর মতে, একজন মানুষ অন্যদের প্রতি যত ভালোবাসা ও শ্রদ্ধা দেন, তা একদিন বহুগুণ হয়ে তাঁর কাছেই ফিরে আসে। আর সেই কারণেই আজও সব প্রজন্মের মানুষের কাছে সমানভাবে প্রিয় মাধুরী দীক্ষিত।
অন্যদিকে, দর্শকরা তাঁকে কীভাবে মনে রাখুক চান— এই প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, ‘আমি চাই মানুষ আমাকে আমার কাজের জন্য নয়, আমি তাদের কেমন অনুভূতি দিয়েছি তার জন্য মনে রাখুক।’
সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র সম্পর্কেও নিজের মতামত জানান অভিনেত্রী। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের সাফল্যে গর্ববোধ করা এবং কঠিন সময়ে পাশে থাকা— এই বিষয়গুলোই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে।
একই মত প্রকাশ করেন তৃপ্তিও। তিনি বলেন, ‘ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সব সময় সুখ থাকে না, দুঃসময়ও আসে। তাই শুধু ভালো সময়ে নয়, খারাপ সময়েও একে অপরের পাশে থাকতে হয়। সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং একে অপরকে গুরুত্ব দেওয়াও খুব জরুরি।’
আলাপচারিতায় মাধুরী বলিউডের বদলে যাওয়া কাজের পরিবেশ নিয়েও কথা বলেন। তিনি জানান, একসময় অভিনেতাদের দিনে দু’টি ছবির শুটিং করতে হত। সকাল থেকে সন্ধ্যা এক ছবির শুটিং করে আবার রাত পর্যন্ত অন্য ছবির কাজ করতে হত। এখন কাজ অনেক বেশি সংগঠিত এবং পরিকল্পিত হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি প্রকল্প শেষ করা হয়, ফলে ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হয়েছে।
মাধুরী ও তৃপ্তির এই নতুন জুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আগামী ৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘মা বেহেন’।




