• facebook
  • twitter
Monday, 1 June, 2026

বকেয়া ডিএ, নিয়োগ ও বাজেট নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে মহার্ঘ ভাতা, বকেয়া অর্থ, নতুন নিয়োগ, প্রশাসনিক স্বচ্ছতা এবং কর্মসংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের ডিএ-সহ একাধিক দাবি নিয়ে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে মহার্ঘ ভাতা, বকেয়া অর্থ, নতুন নিয়োগ, প্রশাসনিক স্বচ্ছতা এবং কর্মসংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানান, সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে আলোচনা করার দাবি দীর্ঘদিনের। বর্তমান সরকার সেই দাবিকে গুরুত্ব দিয়েছে বলেই মনে করছেন তাঁরা।

Advertisement

বৈঠকে কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাস্কর ঘোষের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করবে। শূন্যপদে নিয়োগের জন্য আগামী ৭ তারিখের মধ্যে পরিকল্পনামাফিক নিয়োগ নীতি ঘোষণা করার কথা জানায় রাজ্য সরকার। এই ঘোষণায় চাকরিপ্রার্থী ও কর্মচারী মহলে নতুন আশা তৈরি হয়েছে।

Advertisement

ডিএ সংক্রান্ত আইনি লড়াই নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সরকার তা মেনে চলবে। সেই নির্দেশমতো বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক নিয়ে পরবর্তীতে বৈঠক করার কথাও তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগু করার প্রতিশ্রুতিও দিয়েছেন।  রাজ্যের সরকারি কর্মচারী এমনকি অস্থায়ী কর্মচারীদের বেতন বৈষম্য নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে কাটমানি ও ভয় দেখানোর সংস্কৃতির অভিযোগও বৈঠকে উত্থাপন করা হয়েছে। এসব বিষয়ে কড়া নজরদারির দাবি জানিয়েছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া আগামী ২২ জুনের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে কর্মচারী মহলে প্রত্যাশা আরও বেড়েছে। এখন নজর সরকারের পরবর্তী পদক্ষেপ ও আসন্ন বাজেটের দিকে।

Advertisement