• facebook
  • twitter
Monday, 1 June, 2026

দিল্লির স্কুল অফ প্ল্যানিং ভবনে আগুন, নথিপত্রে ক্ষতির আশঙ্কা

দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৩৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়

জাতীয় স্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস, সিবিএসই-র অব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন দিল্লির আইটিও এলাকার স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের প্রশাসনিক ভবনে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  দোতলায় আগুন লাগলে ভবনটির একাংশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৩৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরেই উদ্ধারকাজে নামেন দমকলকর্মীরা। পুলিশ, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। নিরাপত্তার স্বার্থে ভবনটি খালি করে দেওয়া হয়।

Advertisement

প্রাথমিকভাবে দমকলের তরফে জানানো হয় আগুন লাগে শিক্ষামন্ত্রকের দপ্তরে। পরে আবার স্পষ্ট করা হয় যে আগুন লেগেছে এসপিএর প্রশাসনিক ব্লকের দোতলার ফ্যাকাল্টি রুমে। আগুনের উৎস এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এই অগ্নিকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন জাতীয় স্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই প্রেক্ষাপটে আগুন লাগার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে গৌরব গগৈ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুনে কেউ আহত হননি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবুও রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে এই অগ্নিকাণ্ড সরকারি ভবনগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। 

Advertisement