ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার সিআইডি-র তরফে তাঁকে তলব করা হয়েছিল। হাজিরা দিতে না পারার কারণ জানিয়ে সিআইডি-কে চিঠি দিয়েছেন অভিষেক, এমনটাই খবর। সই কাণ্ডের তদন্তে আজ, অর্থাৎ সোমবার দুপুর ১২টায় তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল সিআইডি।
ভবানী ভবনে হাজিরা না দিতে পারার কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থা’কে দেখানো হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের দাবি, ডায়মন্ড হারবারের সাংসদের ডান দিকের চোয়াল, ঘাড় এবং বুকের আশপাশে এখনও ব্যথা রয়েছে। বাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement
উল্লেখ্য শনিবার ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে সোনারপুরে দেখা করতে যান অভিষেক বন্দ্যাপাধ্যায়। সেখানে গিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ডিম-ইট ছুঁড়ে মারা হয়। সেই সঙ্গে দেওয়া হয় ‘চোর’ স্লোগান। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিষেককে উদ্ধার করা হয়। সেদিন রাতেই বাইপাসের ধারের একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।
Advertisement
এরপর তাঁকে মিন্টো পার্কের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ বাইপাসের হাসপাতালে তাঁকে চিকিৎসা করা হয়নি। মিন্টো পার্কের হাসপাতালের চিকিৎসকরাও জানান, হাসপাতালে ভর্তি করানোর মত গুরুতর শারীরিক পরিস্থিতি নয়। অভিষেককে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই আজ ভবানী ভবনে সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement



