• facebook
  • twitter
Saturday, 30 May, 2026

পশ্চিম বর্ধমানেও শুরু বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রক্রিয়া

শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করা হল

মহিলাদের সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করা হল। এদিন সকালে কলকাতার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও এই কর্মসূচির উদ্বোধন হয়।

পরে সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ  মহঃ ইউনুস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও চিকিৎসকরা।

Advertisement

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর ও তার ঊর্ধ্ব বয়সি মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের সংক্রমণ থেকেই ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার-সহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। জেলার মহকুমা ও জেলা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ৩২ হাজার জনকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

 

Advertisement