নেপালের শাসকদল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ মিংমা ডেভিড শেরপা ফের ইতিহাস গড়লেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন তিনি। সমাজমাধ্যমে নিজেই সেই সাফল্যের খবর ভাগ করে নেন।
এই অভিযানে বিশেষ বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তিনি ‘ফ্রম পার্লামেন্ট টু পিক’ স্লোগান ব্যবহার করেছিলেন। নেপাল সংসদের লোগো সঙ্গে নিয়েই শুরু করেছিলেন এভারেস্ট অভিযান। দীর্ঘ নয় দিনের কঠিন যাত্রা শেষে অবশেষে বিশ্বের ছাদে পৌঁছতে সক্ষম হন তিনি। এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে দেশের সংসদ, সহকর্মী এবং সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মিংমা।
Advertisement
সাফল্যের পর নিজের বার্তায় তিনি নেপাল সংসদের সমস্ত সদস্য এবং তাঁর শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন নেপালের স্পিকার তথা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ভাইস চেয়ারম্যান দোলপ্রসাদ আচার্যকে। মিংমার কথায়, এই অভিযান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নেপালের মানুষের অনুপ্রেরণার প্রতীক।
Advertisement
পর্বতারোহণ জগতে মিংমা ডেভিড শেরপার নাম আগেই আন্তর্জাতিক স্তরে পরিচিত। বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গেই আরোহণের নজির রয়েছে তাঁর। যা অত্যন্ত বিরল কৃতিত্ব হিসেবে ধরা হয়।
২০২১ সালে শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে২ জয় করে ইতিহাস গড়েছিল ১০ সদস্যের একটি নেপালি দল। সেই ঐতিহাসিক অভিযানের অন্যতম সদস্যও ছিলেন মিংমা। শীতকালে কে২ আরোহণকে পর্বতারোহণ জগতের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির একটি বলে মনে করা হয়।
এভারেস্ট জয় করে ফের একবার আন্তর্জাতিক মহলে নেপালের পর্বতারোহণ দক্ষতার পরিচয় তুলে ধরলেন মিংমা ডেভিড শেরপা। তাঁর এই সাফল্যে নেপাল জুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।
Advertisement



