• facebook
  • twitter
Thursday, 28 May, 2026

আমাদের অভিন্ন লক্ষ্য জনগণের কল্যাণ: ইদের শুভেচ্ছা বার্তায় তারেককে মোদী

ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গভীর বন্ধনে আবদ্ধ - যা আত্মত্যাগ, মূল্যবোধ, শান্তি ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে

ইসলাম অনুগামীদের পবিত্র উৎসব ইদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সে দেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকাশিত এই বার্তায় শুধু শুভেচ্ছাই নয়, দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

মোদী তাঁর বার্তায় বলেন, ইদ-উল-আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধকে সামনে আনে, যা শান্তিপূর্ণ ও সর্বব্যাপী সমাজ গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করেন।

Advertisement

ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গভীর বন্ধনে আবদ্ধ – যা আত্মত্যাগ, মূল্যবোধ, শান্তি ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁর কথায়, এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং মানুষের কল্যাণের জন্য এক দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সহযোগিতার প্রতিশ্রুতি।  

Advertisement

মোদী আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশই  উন্নয়নের লক্ষ্যে, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। শেষে তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান।

Advertisement