• facebook
  • twitter
Friday, 29 May, 2026

সীমান্ত নিরাপত্তা

ব্যাঙ্কের লেনদেন, শেল কোম্পানি, মিউল অ্যাকাউন্ট, এমনকি ভুয়ো আধার কার্ড চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে

ভারতের সীমান্ত নিরাপত্তা প্রশ্নটি বরাবরই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজস্থানের বিকানেরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া নির্দেশ নতুন করে এই আলোচনাকে সামনে এনে দিয়েছে। বিশেষত, সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ‘জিরো টলারেন্স’ বা শূন্য-সহনশীলতার নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ নিঃসন্দেহে একটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ।
প্রথমেই স্বীকার করতে হবে, ভারতের মতো একটি বৃহৎ ও বহুমাত্রিক দেশের ক্ষেত্রে সীমান্ত নিরাপত্তা শুধুমাত্র সামরিক বা আধাসামরিক বাহিনীর দায়িত্ব নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, স্থানীয় সরকার এবং সাধারণ নাগরিক— সকলের ভূমিকা অপরিহার্য। এই প্রেক্ষাপটে ‘৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো’ গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা নীতিগতভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সীমান্তবর্তী জেলা— বিকানের, জয়সালমের, বারমের, শ্রীগঙ্গানগর ও ফালোদির মতো এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার এবং জাল নথির সমস্যা রয়েছে। ফলে এই উদ্যোগ বাস্তব সমস্যার সমাধানের লক্ষ্যেই নেওয়া হয়েছে বলেই মনে হয়।
তবে এই ‘জিরো টলারেন্স’ নীতির প্রয়োগ সংবেদনশীল ও মানবিকভাবে যেন করা হয়, এই প্রত্যাশা ওই অঞ্চলের মানুষের থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী বহু মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে রয়েছেন। তাঁদের অনেকের জমির নথি বা নির্মাণ সংক্রান্ত কাগজপত্র হয়তো সম্পূর্ণ সঠিক নয়, কিন্তু তা সবসময় অপরাধমূলক উদ্দেশ্যে তৈরি হয়নি। প্রশাসনের একতরফা পদক্ষেপ তাঁদের জীবিকা ও বাসস্থানের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই আইন প্রয়োগের পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিবেচনাও নিশ্চয়ই করা করা হবে।
এই নির্দেশে আর একটি গুরুত্বপূর্ণ দিক হল আর্থিক লেনদেন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নজরদারি বৃদ্ধি। ব্যাঙ্কের লেনদেন, শেল কোম্পানি, মিউল অ্যাকাউন্ট, এমনকি ভুয়ো আধার কার্ড চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিঃসন্দেহে সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ ও জাল নথির মাধ্যমে অপরাধ চক্র সক্রিয় থাকে। এই দিকটি নিয়ন্ত্রণ করা গেলে সন্ত্রাসে অর্থ জোগান ও চোরাচালান অনেকটাই কমানো সম্ভব হবে
এখানে কেন্দ্রীয় সংস্থাগুলির সমন্বয়ের কথাও বলা হয়েছে— বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য প্রশাসন একসঙ্গে কাজ করবে। এই সমন্বয় যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে সীমান্ত নিরাপত্তায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব অনেক সময়েই সমস্যার সৃষ্টি করে। তাই এই পরিকল্পনার সাফল্য অনেকটাই নির্ভর করবে বাস্তবায়নের দক্ষতার ওপর।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করা। সীমান্ত অঞ্চলের মানুষই প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতে পারেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। তবে এই অংশগ্রহণ যেন নজরদারি বা সন্দেহের পরিবেশ তৈরি না করে, সেদিকেও নজর রাখা প্রয়োজন। নিরাপত্তার নামে সামাজিক অবিশ্বাস তৈরি হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রের এই উদ্যোগ সময়োপযোগী এবং প্রয়োজনীয়। সেইসঙ্গে এর বাস্তবায়নে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। একদিকে যেমন কঠোরতা দরকার, তেমনই অন্যদিকে মানবিকতা ও আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন, সচেতনতা এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে সীমান্ত অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। অতএব, ‘জিরো টলারেন্স’ নীতি তখনই সফল হবে, যখন তা হবে ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম। নিরাপত্তা ও নাগরিক অধিকারের এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement