• facebook
  • twitter
  • youtube
Wednesday, 10 June, 2026

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি

কন্যার বীণার সঙ্গে সম্পর্কিত মামলায় চলছে তল্লাশি অভিযান

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি। ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ সংক্রান্ত এক দুর্নীতি মামলার জেরেই এই তল্লাশি বলে খবর। ওই মামলায় বিজয়নের কন্যাও জড়িত বলে খবর। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, এই মামলায় কেরল জুড়ে আরও ন’জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘কোচিন মিলারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ এবং বিজয়নের কন্যা টি বীণার সংস্থা ‘এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।

কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেডের বিরুদ্ধে ঘুষ এবং অর্থপাচারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। বিজয়নের কন্যার সংস্থা কোনও পরিষেবা না দিয়েই এই সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছে বলে অভিযোগ। যদিও এই মামলায় বিজয়নের নাম অভিযুক্ত হিসেবে সরাসরি উল্লেখ নেই।

ইডি এই সংস্থার সঙ্গে যুক্ত অফিস এবং সংস্থার শীর্ষ কর্তাদের বাড়িতেও অভিযান চালায়। এর মধ্যে সিএমআরএল-এর ম্যানেজিং ডিরেক্ট শশিধরন কার্থারের বাসভবনও রয়েছে। তদন্তকারীরা আর্থিক নথি, ডিজিটাল ডিভাইস এবং বিভিন্ন লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন। তদন্তে অভিযোগ উঠেছে কিছু নির্দিষ্ট মাসিক পেমেন্ট সন্দেহজনকভাবে করা হয়েছিল।

এর আগে সিরিসাস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এবং আয়কর দপ্তর তদন্তেও এমন কিছু মাসিক পেমেন্টের উল্লেখ করেছিল, যেখানে সরকারি নথিতে ‘রিটেনার’ হিসেবে দেখানো হয়েছিল। মঙ্গলবার কেরল হাইকোর্ট ইডিকে সিএমআরএল-এক্সালজিক লেনদেন মামলায় তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তদন্ত বাতিলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। প্রাথমিকভাবে এমন কিছু তথ্য সামনে এসেছে যা অর্থপাচারের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। হাইকোর্টের রায়ের পরই বুধবার নতুন করে এই তল্লাশি অভিযান শুরু করে ইডি।