• facebook
  • twitter
Saturday, 23 May, 2026

বাংলার কাউকেই আর পরিযায়ী হয়ে বাইরে যেতে হবে না, আশ্বাস শমীকের

শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাসভবনে গিয়েছিলেন শমীক

রাজ্যের ভেঙে পড়া আর্থিক পরিস্থিতির হাল ফেরাতে সক্রিয় হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাসভবনে গিয়েছিলেন শমীক। সেখানেই নির্মলার সঙ্গে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি।  বৈঠক সেরে বেরিয়ে এসে বিজেপি সভাপতি আশ্বাস দেন, বাংলার কাউকেই আর পরিযায়ী হয়ে বাইরে যেতে হবে না। এদিন দিল্লিতে দাঁড়িয়ে পূর্বতন তৃণমূল ও বাম সরকারকে একযোগে আক্রমণ করেন শমীক।

তিনি বলেন, ‘গত ৫০ বছরে বাংলার শিল্পকে কার্যত ধ্বংস করা ফেলা হয়েছে। বাংলা পরিযায়ীদের রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষিত, অর্ধশিক্ষিত সকলেই কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। দেশের মধ্যে মাথাপিছু আয়ের নিরিখে সবার শেষে বাংলা। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, হরিয়ানার মতো রাজ্যগুলির সঙ্গে আমাদের বাংলাকেও একই সারিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সোনার বাংলা গড়বেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রাখতে আমরা নিশ্চিতভাবেই সোনার বাংলা তৈরি করব।’

Advertisement

সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কর্মসংস্থান, শিল্প গঠন, প্রশাসনের সর্বস্তর থেকে দুর্নীতি দূর করা, তোলাবাজি বন্ধ করা রাজ্যের বিজেপি সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এবার দলের রাজ্য সভাপতিও বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন নির্মলার সঙ্গে। সূত্রের খবর, এদিনের  বৈঠকে বাংলাকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন সীতারমন। বাংলায় যাতে বিনিয়োগ আসে সেবিষয়ে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে বাংলাকে কোনও বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে কিনা, সে বিষয়ে কেউই কোনও মন্তব্য করেননি।

Advertisement

নির্মলার সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে শমীক আরও বলেন, ‘আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট পরিকল্পনাও আছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বিশ্বাস করেন, এই ধ্বংস্তূপ থেকে বাংলা অবশ্যই বেরিয়ে আসতে পারবে।   শ্রীহীন অবস্থা থেকে বাংলাকে বের করে আনা সম্ভব। তারজন্য যা করার তিনি সেটা করবেন। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সহযোগিতায় আমরা নিশ্চিতভাবেই বাংলাকে ফের একটা জায়গায় পৌঁছে দিতে পারব।’

উল্লেখ্য, শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, তা পূরণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে  শমীকের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement