ভয়াবহ দু’টি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে হন্ডুরাসে। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার-সহ ৬ আধিকারিক। পৃথক দু’টি এলাকায় এলোপাথাড়ি গুলিবর্ষণের খবর সামনে আসতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য আমেরিকার এই দেশে। হন্ডুরাস পুলিশ জানিয়েছে, মৃত ডেপুটি কমিশনারের নাম লেস্টার অ্যামাডো।
জানা গিয়েছে, রাজধানী টেগুসিগালপা থেকে ওমোয়া যাওয়ার পথে এক অভিযানে বেরিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। গুয়াতেমালা সীমান্ত সংলগ্ন এলাকায় তাঁদের উপর হামলা চালানো হয়। তবে কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে অন্ধকারে পুলিশ। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর হন্ডুরাসের ত্রুজিলো পুরসভার রিগোরেস এলাকার একটি পাম গাছের খামারে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে অন্তত ১৯ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সশস্ত্র দুষ্কৃতীরা শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে স্থানীয় একটি গির্জায় আসা কয়েক জন ছিলেন। এই ঘটনায় অনেকেই জখম হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ ও প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে।
Advertisement
হন্ডুরাস পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা জানিয়েছেন, এই দুই বন্দুক হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে হামলার পিছনে কে বা কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর প্রধান হেক্টর বেঞ্জামিন ভ্যালেরিও আরডন জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উর্বর জমির দখলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বন্দ্ব থেকেই এই রক্তক্ষয়ী হামলা। এর আগেও ওই এলাকায় কৃষক ও পরিবেশকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল।
Advertisement
Advertisement



