• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

গ্রেপ্তার সোনা পাপ্পু, দীর্ঘ দিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে ইডির জালে

সকাল থেকে টানা প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়

কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’ অবশেষে গ্রেপ্তার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে। ভোটের আগে থেকেই একাধিক বিতর্ক ও অভিযোগে তাঁর নাম উঠে আসছিল। যদিও এত দিন তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন তিনি। সোমবার আচমকাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হন পাপ্পু। সকাল থেকে টানা প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ফেব্রুয়ারিতে রবীন্দ্র সরোবর থানা এলাকায় এক গোলমালের ঘটনায় প্রথমবার প্রকাশ্যে আসে তাঁর নাম। স্থানীয়দের অভিযোগ ছিল, ওই অশান্তির নেপথ্যে ছিলেন পাপ্পু এবং তাঁর অনুগামীরাই ভাঙচুর ও গোলমাল চালিয়েছিল। যদিও সেই সময় পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করলেও পাপ্পুর খোঁজ পায়নি। গা ঢাকা দিয়েই ছিলেন তিনি। তবে মাঝেমধ্যে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

Advertisement

এই ঘটনার তদন্ত চলাকালীনই ইডি হানা দেয় পাপ্পুর বাড়িতে। একই সময়ে তল্লাশি চালানো হয় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। তদন্তকারীরা সেখান থেকে নগদ টাকা, দামি গাড়ি ও একাধিক সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেন। পাশাপাশি পাপ্পুর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হয় বলে ইডি সূত্রে দাবি। অভিযোগ, ওই অস্ত্র জয় কামদারের মাধ্যমেই কেনা হয়েছিল। পরে সেটি গড়িয়াহাট থানায় জমা করা হয়।

Advertisement

তদন্তে আরও উঠে আসে তোলাবাজি, হুমকি এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগের তথ্য। পাপ্পুর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী জয় কামদার এবং কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস।

দীর্ঘ দিন ধরে পাপ্পুর খোঁজ না মেলায় তদন্তকারীদের সন্দেহ ছিল, তিনি ভিন্‌রাজ্যে আত্মগোপন করে রয়েছেন। কিন্তু হঠাৎ সোমবার ইডি দপ্তরে হাজির হয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। ইডি সূত্রে খবর, তদন্তে অসহযোগিতা এবং বারবার নোটিস এড়িয়ে যাওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

 

Advertisement