• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

বৈভবের কাছ থেকে আরও বেশি প্রত্যাশার কথা জানালেন রাজস্থানের কোচ সাঙ্গাকারা

বৈভবকে একটিই পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা। নেটে ব্যাট করার সময় বৈভব সেটাই করার চেষ্টা করেন বলে জানিয়েছেন রাজস্থানের কোচ।

জয়পুর— ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশীর নাম সবার মুখে মুখে ঘুরছে। এমনকি চলতি আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছে বৈভব। প্রায় প্রতি ম্যাচে রাজস্থান দলকে ভালো অঙ্কের রান উপহার দিতে কোনও দ্বিধা প্রকাশ করেনি। ইতিমধ্যেই তার ব্যাট থেকে একটি শতরান যেমন এসেছে, আবার দু’টি অর্ধ শতরানও স্কোরবোর্ডে তার নামের পাশে লেখা হয়েছে। কিন্তু রাজস্থানের কোচ বৈভবকে নিয়ে খুব খুশি নন। কোচের অভিমত, তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল। হয়তো সেই কারণেই কোচ কুমার সাঙ্গাকারা সেইভাবে বৈভবকে নিয়ে বড় কথা বলতে চাইছেন না।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ২১ বলে ৪৬ রান করেছে বৈভব। সে যতক্ষণ ক্রিজে ছিল, দ্রুত রান উঠেছে। সাঙ্গাকারার অভিমত, বৈভব বড় রান করুক। ম্যাচ চলাকালীন তিনি বলেন, ‘বৈভব কয়েক ওভার ক্রিজে থাকলেই ৩০-৪০ রান খুব সহজেই এসে যাবে। কিন্তু আমরা ওর কাছে যে আশা করছি, সেই জায়গায় সে পৌঁছতে পারছে না। ক্রিজে আরও বেশি সময় কাটাতে হবে। চার-ছক্কা ও সহজেই মারতে পারে। কিন্তু প্রতি বলে বড় শট মারা সম্ভব নয়। কী ভাবে ইনিংস বড় করতে হবে, সেটাও শিখতে হবে। তবেই দলকে ও জেতাতে পারবে।’

সাঙ্গাকারার কথা থেকে স্পষ্ট, বৈভবের কাছ থেকে শুধু ঝোড়ো ইনিংস নয়, দায়িত্বশীল ইনিংস দেখতে চাইছেন তিনি। ওপেন করতে নেমে পুরো ২০ ওভার খেলার চেষ্টা করুক বৈভব। ২০ ওভার ব্যাট করতে পারলে বৈভব যা রান করবে, তাতে রাজস্থান সহজে জিতবে, এমনটাই ধারণা সাঙ্গাকারার।

তবে এখনই বৈভবের উপর চাপ দিতে চাইছেন না সাঙ্গাকারা। তিনি চাইছেন, বৈভব খেলাটা উপভোগ করুক। তাই তিনি বৈভবকে বেশি পরামর্শ দেন না বলেই জানিয়েছেন। ও খেলাটা উপভোগ করে। ১৫ বছরের একটা ছেলের সেটাই করা উচিত। ও ব্যাট করতে ভালবাসে। নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে। সব বিষয়েই ওর আগ্রহ রয়েছে। কিন্তু ওর সঙ্গে বেশি কথা বলি না। তা হলেই ও বেশি ভাবতে যাবে। আমি চাই, এখন ও শুধু মন দিয়ে ব্যাট করুক। উপভোগ করুক। তাই ওর সঙ্গে কথা বললে ক্রিকেটের বাইরের কথাই বেশি বলি।’

বৈভবকে একটিই পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা। নেটে ব্যাট করার সময় বৈভব সেটাই করার চেষ্টা করেন বলে জানিয়েছেন রাজস্থানের কোচ। সাঙ্গাকারা বলেন, ‘নেটে ব্যাট করার সময় ওর সঙ্গে কথা হয়। তবে বেশি কিছু বলি না। ও নিজেই বোলারদের বলে, কোথায় বল করতে হবে। ওকে আমি একটা কথাই বলেছি। যে শট খেলবে, ১০০ শতাংশ দেবে। মনের মধ্যে কোনও সন্দেহ রাখবে না। আত্মবিশ্বাস নিয়ে শট মারবে। সাহস নিয়ে প্রতিপক্ষ দলের বোলারদের মোকাবিলা করতে হবে। একবার যদি বলের স্টাইলটা বুঝে নিতে পারে, তাহলে বৈভবের ব্যাট থেকে অনেক রান আসবে।