• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অব্যাহত, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অব্যাহত, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

File Photo

ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কোথাও কোথাও দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।

অন্যদিকে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরের পাঁচ জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। ধীরে ধীরে তা মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। তবে এখনও পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। সাধারণত কেরল হয়ে মৌসুমি বায়ু এ রাজ্যে আসে। কবে বাংলায় বর্ষার প্রবেশ ঘটবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি আবহাওয়া দপ্তর।