দেবাশিস দাস
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষা দপ্তর দেখভালের দায়িত্ব দিয়েছেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে। সেজন্য আজ সোমবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বপন দাশগুপ্ত। তিনি ছাড়াও বিজেপির আরও ১৫জন বিধায়ক এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব বিনোদ কুমারকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। শিক্ষা দপ্তরের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুই বিভাগের পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হবে। সকাল ১১টা থেকে এই বৈঠক হওয়ার কথা। দ্বিতীয় বৈঠকটি শুরু হবে সাড়ে ১২টা থেকে। তবে যতদূর জানা গিয়েছে, বৈঠক দুটি একই সঙ্গে হবে। সেকারণে শিক্ষা দপ্তরের আধিকারিকদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে আজকে দুপুর তিনটে নাগাদ ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের ২০২৬ সালের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Advertisement
প্রসঙ্গত, এখনও রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ঘোষিত হয়নি। তবে যেভাবে ১৫জন বিধায়ককে নিয়ে স্বপন দাশগুপ্ত যাবেন, তাতে করে আগামী দিনে শিক্ষা দপ্তরের মন্ত্রী কে হন, তা নিয়ে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে যেটা কৌতূহলের বিষয়, স্বপন দাশগুপ্তের নেতৃত্বে ১৫জন বিধায়কের বিকাশ ভবনে গিয়ে আজকের এই বৈঠক নিঃসন্দেহে নজিরবিহীন।
Advertisement
একদিকে বিকাশ ভবনের এই বৈঠক, অন্যদিকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা– এই দুই কর্মসূচিকে ঘিরে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কর্ম তৎপরতা বেড়ে গিয়েছে বহুগুণ। কারণ বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে হয়। শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন আধিকারিককে সিবিআই এবং ইডি গ্রেপ্তার করে। সম্প্রতি এই মামলার বিচারে গতি আনতে সিবিআই-কে অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিয়েছেন– দুর্নীতির সঙ্গে কোনওভাবে আপস নয়। উল্টে যাঁরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে চলবে বর্তমান সরকার। এমনই এক পরিস্থিতিতে বিকাশ ভবনের এই বৈঠককে ঘিরে শিক্ষা দপ্তরের কর্মী ও আধিকারিকদের মধ্যে যেমন নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনই বাংলার শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সরকার কিভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে, তারও হদিশ মিলতে পারে আজকের এই বৈঠকে।
Advertisement



