• facebook
  • twitter
Monday, 18 May, 2026

জ্বালানি সাশ্রয়ে বেসরকারি সংস্থাকেও ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরামর্শ দিল্লি সরকারের

রেখা গুপ্তা সরকারের তরফে জানানো হয়েছে, কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজের সুযোগ করে দেওয়া হোক

ফাইল চিত্র

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের লাগামছাড়া বৃদ্ধি হয়েছে। জ্বালানি সাশ্রয়ের জন্য আগেই সরকারি দপ্তরের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশিকা জারি করেছিল দিল্লির বিজেপি সরকার। এবার বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও সপ্তাহে দু’দিন কর্মীদের বাড়ি থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর করানোর আর্জি জানাল রেখা গুপ্তা সরকার। সরকারের লক্ষ্য, জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবহন খাতে খরচ নিয়ন্ত্রণে আনা।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জ্বালানির অপচয় বন্ধ করার আবেদন জানান। দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নেন । তারপরই দিল্লি সরকার সরকারি দফতরগুলিতে সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ দেয়। পাশাপাশি সরকারি কর্মীদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারেরও পরামর্শ দেয়। এ বার জ্বালানি সাশ্রয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও একই পথে হাঁটার অনুরোধ করল দিল্লির সরকার।

Advertisement

রেখা গুপ্তা সরকারের তরফে জানানো হয়েছে, কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজের সুযোগ করে দেওয়া হোক। প্রয়োজনে অফিসের সময়ও বদল করার কথা বলা হয়েছে। একই সঙ্গে দিল্লির শ্রম দফতরের তরফে বেসরকারি কর্মীদের ‘কারপুল’ ব্যবস্থা কিংবা বাস ও মেট্রোর মতো গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি ক্ষেত্রকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানের পর চলতি সপ্তাহেই দিল্লি সরকার ‘মেরা ভারত, মেরা যোগদান’ নামে ৯০ দিনের একটি জ্বালানি সাশ্রয় কর্মসূচি শুরু করেছে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমদানি-নির্ভর ভারতীয় অর্থনীতিতে যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। সে কারণেই জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ভান্ডার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

Advertisement