• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জবাব দিল ফিফা

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়েও আলোচনা চলছে। ওই আধিকারিক বলেন, আমরা চাই ফুটবলের সবচেয়ে বড় আসর ভারতেও সম্প্রচারিত হোক।

প্রতীকী চিত্র

আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। প্রথমবারের জন্য এবারের টুর্নামেন্টে খেলতে চলেছে ৪৮ দেশ। তবে, এতকিছুর মধ্যেও শঙ্কায় ভারতের ফুটবলপ্রেমী। বর্তমানে তাঁদের একমাত্র প্রশ্ন, টিভি বা ডিজিটাল মাধ্যমে আদৌ দেখা যাবে তো এবারের বিশ্বকাপ? আসলে প্রায় মাস খানেক আগেও ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য কোনও সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি ফিফা। কিন্তু বিষয়টি নিয়ে ফিফার এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বের ১৮০ দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।

পাশাপাশি ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়েও আলোচনা চলছে। ওই আধিকারিক বলেন, আমরা চাই ফুটবলের সবচেয়ে বড় আসর ভারতেও সম্প্রচারিত হোক। শুধু ভারত নয়, চিনেও এখনও সম্প্রচার স্বত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গিয়েছে, বেজিংয়ে গিয়ে এ বিষয়ে দ্রুতই আলোচনা করবেন ফিফা কর্তারা। বিশ্বকাপের আগে বিশ্বজুড়ে সম্প্রচার কাঠামো সম্পূর্ণ করাই এখন তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

Advertisement

এদিকে, সম্প্রচার ইস্যুতে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছে। এরপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই যেন অনিশ্চয়তা বাড়ছে ভারতে। তবে, ফিফার এই বক্তব্যে কিছুটা হলেও আশার আলো দেখছে ভারতের ফুটবলপ্রেমী দর্শকরা।

Advertisement

Advertisement