• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

ট্রোলিংয়ে মানসিকভাবে প্রভাবিত হন সারা, স্বীকারোক্তি অভিনেত্রীর

সামাজিক মাধ্যমের ট্রোলিং এবং নেতিবাচক মন্তব্য মানসিকভাবে প্রভাব ফেলে বলে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। নতুন ছবি মুক্তির আগেই অকপট অভিনেত্রী।

সারা আলি খান। ছবি: আইএএনএস

সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনা এবং কটাক্ষও এখন নিত্যদিনের সঙ্গী। তবে সবাই সেটা আর পাঁচটা বিষয়ের মতো সহজভাবে নিতে পারেন না। সেই ট্রোলিং যে মানসিকভাবে প্রভাব ফেলে, তা এবার খোলাখুলিভাবে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।

এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, তিনি যদি বলেন যে, সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য তাঁকে প্রভাবিত করে না, তাহলে সেটা মিথ্যা বলা হবে। কারণ, একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের জন্যই তিনি কাজ করেন। ফলে দর্শকদের হতাশ করলে তাঁরও খারাপ লাগে। সারা বলেন, ‘আমি যদি বলি যে এসব আমাকে প্রভাবিত করে না, তাহলে সেটা মিথ্যা হবে। অবশ্যই প্রভাব পড়ে। কারণ, আমি দর্শকদের জন্যই কাজ করি। তাঁরা হতাশ হলে আমারও ভালো লাগে না।’

Advertisement

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকেও গুরুত্ব দিতে শিখেছেন বলে জানান অভিনেত্রী। সারার কথায়, কেরিয়ারের শুরুর দিকে শুধুমাত্র দর্শকদের প্রতিক্রিয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝেছেন, নিজের কাজ উপভোগ করাও অত্যন্ত জরুরি।

Advertisement

অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন আমার মূল লক্ষ্য ছিল শুধু দর্শক। এখনও দর্শকরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি সত্যিই নিজের কাজ ভালোবেসে করতে শুরু করেন এবং মনে করেন যে নিজের সেরাটা দিয়েছেন, তাহলে অকারণ অপরাধবোধ বা মানসিক চাপ অনেকটাই কমে যায়।’ তিনি আরও জানান, নিজের সেরাটা দেওয়ার পরে ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায়। এতে মানসিক শান্তি বজায় রাখা সহজ হয় বলেও মনে করেন সারা।

অন্যদিকে, খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সারার নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’। এই রোম্যান্টিক কমেডি ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। মুদাসসর আজিজ পরিচালিত ছবিটি ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement