• facebook
  • twitter
Tuesday, 12 May, 2026

তপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২

আগুনে আটকে পড়েছিলেন অন্তত পাঁচ থেকে ছ’জন। তাঁদের মধ্যে কয়েক জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে আচমকা আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও কয়েক জন গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি পাঁচতলা বহুতলের দোতলায় প্রথম আগুন লাগে। দুপুরের ব্যস্ত সময়ে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় ভবনের ভিতর থেকে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয় এবং দ্রুত উপরের তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বহু মানুষ ওই বহুতলের ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে বিকট শব্দ শুনতে পান তাঁরা। তার পরেই দোতলার দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন আবাসনের বাসিন্দারা। বহু মানুষ প্রাণ বাঁচাতে ছাদ ও বারান্দায় আশ্রয় নেন। কয়েক জন জানলা দিয়ে সাহায্যের আবেদনও জানান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

Advertisement

খবর পেয়েই এলাকায় পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। এর পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। দমকলকর্মীরা মই ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের নামানোর চেষ্টা করেন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়।

আগুনে আটকে পড়েছিলেন অন্তত পাঁচ থেকে ছ’জন। তাঁদের মধ্যে কয়েক জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক জনের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও আগুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দমকল এবং পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহু বহুতলেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। ফলে বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

Advertisement