• facebook
  • twitter
Sunday, 10 May, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তায় জোড়া বাহিনী, পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী

প্রতিনিধিত্বমূলক চিত্র

আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুন হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর  নিরাপত্তা  ব্যবস্থায় জোর দিতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস রাজ্যের মুখ্যমন্ত্রীর পাহারায় মোতায়েন থাকবে জোড়া বাহিনী।  কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাঁর নিরাপত্তায় থাকবে রাজ্য পুলিশ।

২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই  শুভেন্দু অধিকারী  কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান। ২০২১ সালে বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ ছিল। তৎকালীন রাজ্য সরকার তাঁর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করতে চাইলে, তিনি তা গ্রহণ করেননি।

Advertisement

বিরোধী দলনেতা থাকার সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর উপর একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এরপর  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশও।

Advertisement

৬ মে রাতে তাঁর আপ্ত সহায়ককে সুপারি কিলার দিয়ে খুন করার ঘটনায় রাজ্য প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন। সেই কারণে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দুর জেড পর্যায়ের নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

যদিও নিজের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়িতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তাঁর নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হচ্ছে, যাতে সরকারি কর্মসূচি বা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে কোনও অসুবিধা না হয়। নবান্নের এক আধিকারিকের কথায়, ‘মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে ঠিকই, তবে খেয়াল রাখা হচ্ছে যাতে তিনি এতে অস্বস্তি বোধ না করেন।‘

Advertisement