• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

শৌচাগারে পড়ে চোট, ইডি তলব এড়ালেন রথীন ও বিদায়ী মন্ত্রী সুজিত বসু

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে এই দুই প্রাক্তন মন্ত্রীকেই আগেই তলব করেছিল ইডি

ভোট মিটতেই ইডির ডাকে হাজিরা দেওয়ার কথা ছিল দুই তৃণমূল নেতা তথা– সুজিত বসু এবং রথীন ঘোষের। কিন্তু নির্ধারিত দিনে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারলেন না কেউই। দু’জনেই পৃথক কারণে সময় চেয়ে ইডিকে চিঠি দিয়েছেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, রথীন ঘোষ জানিয়েছেন তিনি বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে অন্তত দশ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেই কারণেই আপাতত হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

অন্যদিকে সুজিত বসু জানিয়েছেন, ভোট-পরবর্তী পরিস্থিতিতে তাঁর দলের বহু কর্মী আক্রান্ত হয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানো এবং পরিস্থিতি সামলাতেই তিনি ব্যস্ত রয়েছেন। তাই কিছুটা সময় দেওয়ার আবেদন জানিয়েছেন ইডির কাছে।

Advertisement

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে এই দুই প্রাক্তন মন্ত্রীকেই আগেই তলব করেছিল ইডি। সুজিত বসুকে এর আগেও একাধিকবার ডাকা হয়েছিল। তিনি বেশ কয়েকবার সময় চেয়ে আবেদন করেছিলেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনে হাজিরাও দেন তিনি। অন্যদিকে রথীন ঘোষকেও ২০২৩ সালে একই মামলায় প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। সাম্প্রতিক নির্বাচনে তিনি মধ্যমগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

Advertisement