• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

ভোট-পরবর্তী অশান্তিতে জ্বলছে রাজ্য, ভেড়ি দখল ঘিরে হামলা, গ্রেপ্তার ৪

উত্তর ২৪ পরগনায় ভেড়ি দখল নিয়ে সংঘর্ষে বোমা উদ্ধার, চার জন গ্রেপ্তার। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা ঘিরে জল্পনায় এগিয়ে শুভেন্দু অধিকারীর নাম।

প্রতীকী চিত্র

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অশান্তির একাধিক ঘটনা সামনে আসছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে যৌথ টহলদারি বাহিনীর উপর গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে রাজ্যের অন্য প্রান্তে বোমা উদ্ধার, ভেড়ি দখল ঘিরে হামলা এবং বিমানবন্দরে গুলি-কাণ্ডে গ্রেপ্তার-সহ একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারি দলের উপর গুলি চালানো হয়। এই ঘটনায় পাঁচ জন পুলিশকর্মী আহত হন, তাঁদের মধ্যে এক জন মহিলা পুলিশকর্মীও রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Advertisement

প্রসঙ্গত, সন্দেশখালি গত কয়েক মাস ধরেই বিভিন্ন অভিযোগের শিরোনামে রয়েছে। জমি দখল ও মহিলাদের উপর হেনস্থার অভিযোগ ঘিরে আগে থেকেই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল। এই ঘটনাগুলিতে প্রধান অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। ফলে নতুন করে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

অন্যদিকে, বজবজের পুজালি পুরসভার তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর হাতব্যাগ থেকে খালি পিস্তলের ম্যাগাজিন ও ৭.৬৫ মাত্রার ছ’টি গুলি উদ্ধার হয়েছিল। বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় এই সামগ্রী ধরা পড়ে। ঘটনার তদন্ত চলছে।

এছাড়াও উত্তর ২৪ পরগনারই অন্য একটি এলাকায় ভেড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকা থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারাসত রেঞ্জের পুলিশ আধিকারিক অমিত জাভলগি বলেন, ‘এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। বসবাসকারী পরিবারগুলির উপর হামলার অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ভেড়ির দখলকে কেন্দ্র করেই এই আক্রমণ হয়েছে।’

এই সব ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন একাধিক এলাকায় টহলদারি বাড়িয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সাধারণ মানুষকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Advertisement